
দীর্ঘ ৩৬ দিন স্থবির থাকার পর অবশেষে একাডেমিক কার্যক্রমে ফিরেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ৯টা থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ক্লাস শুরু হয় এবং বেলা ১১টা পর্যন্ত তা চলে। তবে সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগের মধ্যে কেবল এই একটি বিভাগেই ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত কম থাকলেও ক্লাস হয়েছে
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ তালবী জানান, কম সংখ্যক শিক্ষার্থী নিয়েই আজ তাদের ক্লাস অনুষ্ঠিত হয়েছে। রুটিন অনুযায়ী ল্যাব থাকার কথা থাকলেও বিভাগের সাথে আলোচনা করে তা স্থগিত করা হয়।
আগামী কাল উপস্থিতির সংখ্যা বাড়তে পারে
বিভাগীয় প্রধান ফৌজিয়া গুলশানা রশিদ লোপা জানান, ২১, ২২ ও ২৩তম ব্যাচের ক্লাস অনুষ্ঠিত হলেও শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল। এর মধ্যে ২১ ও ২২ ব্যাচের উপস্থিতি কিছুটা বেশি ছিল। আশা করা হচ্ছে, আগামী কালের মধ্যে বাকি শিক্ষার্থীরাও ক্যাম্পাসে ফিরে আসবে।
ক্লাস চললেও উপাচার্য বিরোধ অব্যাহত
শ্রেণিকক্ষে ফিরলেও নতুন উপাচার্যকে ঘিরে সৃষ্ট সংকটের সমাধান এখনো হয়নি। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমের পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের সাফ কথা—একাডেমিক কার্যক্রমের পাশাপাশি দাবির আন্দোলনও সমান্তরালে চলবে।
সংকট কাটাতে ইউজিসির সাথে বৈঠক
বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসনে ইউজিসি গঠিত ছয় সদস্যের প্রতিনিধি দল শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছে। সংকট সমাধানে কর্মকর্তা-কর্মচারীদের সাথেও দুপুরে আলোচনায় বসার কথা রয়েছে দলটির।
(উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর নতুন উপাচার্য নিয়োগের পর থেকেই আন্দোলনে নামেন চুয়েট শিক্ষার্থীরা। পরদিন থেকে কমপ্লিট শাটডাউন শুরু হলে স্থবির হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা।)