প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2026 ইং
এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ

এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে হতাশাজনক সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ১৩-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে আশরাফুল-রোমানদের দল। মঙ্গলবার (২৭ অক্টোবর) পাঞ্জাবে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে ভারতীয় হকি দল।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক হারমানপ্রীত সিং। এর এক মিনিট পর মানদ্বীপ সিংয়ের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর মানদ্বীপের আরেকটি গোল এবং শিলানানন্দ লাকরার গোলে প্রথম কোয়ার্টার শেষ হওয়ার আগেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকেরা।
দ্বিতীয় কোয়ার্টারেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে ভারত। আভিষেক ও নীলাকান্ডের গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৬-০। প্রথমার্ধে বাংলাদেশের খেলোয়াড়েরা কোনো গোল করতে না পারায় বড় ব্যবধানের শঙ্কা আরও বাড়তে থাকে।
বিরতির পরও ম্যাচে ফেরার সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে দিলপ্রীতি সিংয়ের জোড়া গোল এবং হারমানপ্রীত সিংয়ের আরেকটি গোলে ভারত ৯-০ ব্যবধানে এগিয়ে যায়। শেষ কোয়ার্টারে আরও চারটি গোল করে ১৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
ভারতের বিপক্ষে এই হার বাংলাদেশের জন্য বড় ধাক্কা। এর আগে এশিয়ান গেমসে একই প্রতিপক্ষের কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার সেই ব্যবধানও ছাড়িয়ে গেল। ম্যাচজুড়ে ভারতীয়দের আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয়েছে বাংলাদেশের খেলোয়াড়দের।
দুই আসর বিরতির পর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরেছে বাংলাদেশ। সর্বশেষ ২০২১ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরে অংশ নিয়ে পঞ্চম স্থান অর্জন করেছিল দলটি। তবে এবারের প্রতিযোগিতার শুরুতেই বড় ব্যবধানে হেরে কঠিন পরিস্থিতিতে পড়েছে তারা।
রাউন্ড রবিন লিগে বাংলাদেশের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার, প্রতিপক্ষ জাপান। এশিয়ান গেমসে জাপানের কাছেও ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তাই পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে রক্ষণভাগের দুর্বলতা কাটানোর পাশাপাশি আক্রমণেও আরও কার্যকর হতে হবে দলকে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস ২৪