প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2026 ইং
মা হারালেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি

মা হারালেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি
ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
পপির মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান। তিনি জানান, মঙ্গলবার রাতে মরিয়ম বেগমের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। এর মধ্যেই রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়।
দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা ও বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন মরিয়ম বেগম। গত ১৪ অক্টোবর রাজধানীর নিকেতনে নিজের বাসায় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। ওই রাতেই তাঁকে মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি।
মরিয়ম বেগমের মৃত্যুর পর ঢাকায় ফজরের নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
মায়ের মৃত্যুতে চিত্রনায়িকা পপির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঢালিউডে দীর্ঘদিন জনপ্রিয়তা ধরে রাখা এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের এমন শোকাবহ ঘটনায় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস ২৪