
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কার্যালয়ে ঢুকে পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের ওপর হামলা, মারধর ও অসদাচরণের অভিযোগে অভিযুক্ত চিকিৎসক জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৮ আগস্ট) গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছেন ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।
ঘটনার বিস্তারিত জানিয়ে ডা. জহিরুল ইসলাম শাকিল বলেন, "আমরা অভিযোগের ভিডিও ফুটেজটি দেখেছি এবং এর ভিত্তিতে ইতোমধ্যে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি। আইইডিসিআরের পরিচালকের সঙ্গে অসদাচরণ ও হামলায় অভিযুক্ত চিকিৎসকের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।"
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার সিসিটিভি বা ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, অভিযুক্ত জাহিদ হাসানের সঙ্গে আরও কয়েকজন ব্যক্তিও পরিচালকের ওপর হামলায় অংশ নেন। এ বিষয়ে ড্যাব মহাসচিব জানান, ঘটনার সময় উপস্থিত অন্য ব্যক্তিরা সংগঠনটির সদস্য কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভিডিও ফুটেজ দেখে এ পর্যন্ত একজনকে শনাক্ত করা গেছে এবং বাকিদের পরিচয় নিশ্চিত করতে খোঁজখবর নেওয়া হচ্ছে। অনুসন্ধানে ড্যাবের কোনো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও দ্রুততম সময়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সংগঠনের অটল অবস্থানের কথা জানিয়ে তিনি আরও যোগ করেন, "এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খল ঘটনা ড্যাব কোনোভাবেই বরদাস্ত করবে না এবং কাউকে প্রশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। সংগঠনের নীতি ও শৃঙ্খলাবিরোধী কাজে ড্যাবের যে-ই জড়িত থাকুক না কেন, তাঁর বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।"
ঠিক কী কারণে বা কী উদ্দেশ্যে আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা বিস্তারিত খতিয়ে দেখতে ড্যাবের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাটি নিরপেক্ষ ও গভীরভাবে তদন্তের লক্ষ্যে খুব শিগগিরই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে ড্যাবের সূত্রে জানা গেছে।