
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘Which Career is Right for You? A Roadmap’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেন। শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশা নির্বাচন, ক্যারিয়ার পরিকল্পনা এবং কাঙ্ক্ষিত পেশায় সফলতা অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় কর্মশালায়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা ‘জীবনের লক্ষ্য’ বা ‘এইম ইন লাইফ’ বিষয়ে রচনা পড়ে থাকে। প্রকৃতপক্ষে লক্ষ্যহীন জীবন হাল ছাড়া নৌকার মতো। তাই শিক্ষার্থীদের জন্য এখনই জীবনের লক্ষ্য নির্ধারণের উপযুক্ত সময়।
তিনি বলেন, জীবনের লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে কোনো পেশাকে ছোট বা বড় হিসেবে বিবেচনা না করে নিজের যোগ্যতা, দক্ষতা ও আগ্রহের সঙ্গে কোন পেশাটি সামঞ্জস্যপূর্ণ, সেটিকে গুরুত্ব দিতে হবে। উপযুক্ত পেশা নির্বাচন করার পর সেই লক্ষ্য অর্জনে কঠোর অধ্যবসায় ও পরিশ্রম করতে হবে।
উপাচার্য আরও বলেন, একাডেমিক পড়াশোনা শেষ করার পর অলস সময় কাটানোর পরিবর্তে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত পেশার জন্য প্রয়োজনীয় বিশেষ দক্ষতা ও পারদর্শিতা অর্জনে মনোযোগী হতে হবে। পরিকল্পিতভাবে প্রস্তুতি নেওয়া এবং নিয়মিত পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের পেশাগত জীবনে সফলতা অর্জন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের HEAT (Higher Education Acceleration and Transformation) সাব-প্রজেক্টের উদ্যোগে কর্মশালাটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইমদাদুল হুদা এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক রাজু আহমেদ। তাঁরা শিক্ষার্থীদের পেশাগত জীবনের প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী যোগ্যতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের HEAT প্রকল্পের এসপিএম মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক সাখাওয়াত হোসেন সরকার।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব অ্যাগ্রিকালচারাল ইকোনমিকস অ্যান্ড রুরাল সোশিওলজির অধ্যাপক মো. আক্তারুজ্জামান খান এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন।
কর্মশালাটির মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ ও যোগ্যতা অনুযায়ী পেশা নির্বাচনের পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় পরিকল্পনা, দক্ষতা অর্জন এবং প্রস্তুতির বিষয়ে দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পান। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, উচ্চশিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতা অর্জন ও সঠিক সময়ে ক্যারিয়ার পরিকল্পনা গ্রহণ শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।