
২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি জানিয়েছে, এটি একটি প্রাথমিক খসড়া তালিকা, এবং তথ্য যাচাই-বাছাইয়ের পর এই সংখ্যা আরও বাড়তে পারে।
হেফাজতে ইসলামের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা কেফায়েতুল্লাহ আজহারী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, এই তালিকা প্রাথমিক পর্যায়ে রয়েছে। তিনি বলেন, “তথ্য যাচাই ও অনুসন্ধান এখনও চলছে। চূড়ান্ত তালিকা তৈরি করতে আরও কিছু সময় লাগবে।”
এই তালিকা প্রকাশের পর, বিভিন্ন পক্ষ থেকে বিতর্ক উঠে এসেছে। স্বাধীন মানবাধিকার সংগঠন ‘অধিকার’ তাদের ফেসবুক পেজে ২০২৪ সালের ১৯ আগস্ট ৬১ জন নিহতের একটি তালিকা প্রকাশ করে, যা হেফাজতের তালিকায় থেকে ভিন্ন ছিল। তৎকালীন বিবিসি ঢাকা প্রতিনিধি মার্ক ডামেটও মাঠ পর্যায়ে অনুসন্ধান করে জানান, ৫ ও ৬ মে সহিংসতায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা ও নারীনীতি বিরোধিতা এবং অন্যান্য দাবিতে শাপলা চত্বরে অবস্থান নেয়। এতে হাজার হাজার কওমি আলেম, ছাত্র এবং সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন। গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয় এবং ব্যাপক গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করা হয়। হেফাজতের দাবি, এই সহিংস ঘটনায় অসংখ্য মানুষ নিহত হয়, যার মধ্যে ৯৩ জনের নাম এবার প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তালিকায় নিহতদের নাম, ঠিকানা এবং পরিবারের সদস্যদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাথমিক যাচাইয়ে জানা গেছে, নিহতদের মধ্যে বেশিরভাগই যুবক ছিলেন।