
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার দুপুর ১টা ২৫ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছেছেন। বাসায় পৌঁছে গাড়ি থেকে নেমে তিনি হেঁটে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁর পাশে ছিলেন দুই পুত্রবধূ—ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। তাঁরা খালেদা জিয়াকে ধরে হাঁটতে সাহায্য করেন।
দীর্ঘদিন পর নেত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত বিএনপি নেতাকর্মীরা। ‘জয় খালেদা জিয়া’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ফিরোজার সামনে জড়ো হন দলের জ্যেষ্ঠ নেতাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইট। তার আগমন উপলক্ষে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় ভিড় করেন দলীয় নেতাকর্মীরা। খালেদা জিয়াকে স্বাগত জানাতে অনেকে হাতে দলীয় পতাকা, ব্যানার ও তার ছবি নিয়ে অবস্থান নেন।
বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে নেতাকর্মীদের উপস্থিতি এবং উচ্ছ্বাসপূর্ণ স্লোগানে মুখর পরিবেশ দেখা যায়। যান চলাচলে যাতে বিঘ্ন না ঘটে, সে জন্য ট্রাফিক পুলিশের তৎপরতা ছিল লক্ষণীয়। একই সঙ্গে খালেদা জিয়ার গুলশান বাসভবন ফিরোজার সামনেও সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।