
ঢাকা: ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
বৃহস্পতিবার (৮ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, রাত ১১টার দিকে আবদুল হামিদ বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পর তিনি দেশ ছাড়ার অনুমতি পান। জানা গেছে, সাবেক এই রাষ্ট্রপতির সফরে তার সঙ্গে ঘনিষ্ঠ কোনো সহচর ছিলেন না।
উল্লেখ্য, চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, পুত্র সজীব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামও অন্তর্ভুক্ত রয়েছে।
আবদুল হামিদ ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।