আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন রশিদ
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ উইকেট শিকারের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে একটি উইকেট নিয়েই এই কীর্তি গড়েন ২৮ বছর বয়সী এই স্পিনার।
ম্যাচটিতে নিজের নির্ধারিত চার ওভার বোলিং করে ২৯ রান দিয়ে একটি উইকেট পান রশিদ। এর মধ্য দিয়ে ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মালিক হন তিনি। নিজের ১২০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এই অর্জন তাঁর ধারাবাহিক সাফল্যেরই প্রতিফলন।
পরিসংখ্যানেও রশিদের বোলিং দক্ষতার প্রমাণ স্পষ্ট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর উইকেটপ্রতি গড় ১৩.৯৬ এবং ইকোনমি রেট ৬.১৩। কম রান খরচ করে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে চাপ তৈরি করার ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই তিনি অন্যতম সফল বোলার।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদিকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির আসন দখল করেন রশিদ। চলতি বছরের শুরুতে সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে ৭০০ উইকেটের মাইলফলকও অতিক্রম করেন তিনি।
২০১৫ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল রশিদের। এক দশকেরও বেশি সময় ধরে নিজের ঘূর্ণি জাদুতে ব্যাটারদের বিপাকে ফেলে আসছেন এই আফগান তারকা। এবার ২০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেটের মাইলফলক স্পর্শ করে ক্রিকেট ইতিহাসে নিজের অবস্থান আরও শক্ত করলেন তিনি।



