আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে কূটনৈতিক আলোচনা আরও জোরদার করবে বাংলাদেশ। শুক্রবার (২০ নভেম্বর) রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের প্রেক্ষিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, আইসিজের এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও ক্ষতিপূরণের দাবি আদায়ের ক্ষেত্রে বাংলাদেশকে একটি শক্তিশালী আইনি ভিত্তি এনে দিয়েছে। দীর্ঘস্থায়ী এই সংকটের একমাত্র টেকসই সমাধান হিসেবে দ্রুত প্রত্যাবাসনের ওপর জোর দিয়ে তিনি বলেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের সুরক্ষা এবং নতুন করে জীবন গড়ার উপযুক্ত পরিবেশ তৈরি হলেই কেবল এই প্রক্রিয়া সফল হবে। এজন্য জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে ঢাকা।

বিজ্ঞাপন · inarticle_1

ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে হুমায়ুন কবির স্পষ্ট করেন যে, কেবল দ্বিপক্ষীয় আলোচনায় এটি সম্ভব নয়; বরং বহুদেশীয় ও আন্তর্জাতিক সংস্থার সম্পৃক্ততা প্রয়োজন। হারানো জীবন বা স্বজনহারা পরিবারের ব্যথা অর্থ দিয়ে পূরণ করা অসম্ভব হলেও বেঁচে থাকাদের পুনর্বাসনে মিয়ানমারকে বাধ্য করতে কাজ করবে বাংলাদেশ। মামলার বাদী গাম্বিয়া বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুললে ঢাকা জাতিসংঘের কাঠামোর মধ্য থেকেই ক্ষতিপূরণ কার্যকরের উদ্যোগ নেবে। তবে রাখাইনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে এখনই আনুষ্ঠানিক কোনো প্রস্তাব না দিলেও নিরাপত্তা পরিষদে বিষয়টি উঠলে অংশীদারদের সঙ্গে আলোচনা করা হবে বলে তিনি জানান।

আইসিজের রায়ের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হলো। আদালত রোহিঙ্গাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতিসমৃদ্ধ একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং দীর্ঘদিনের বৈষম্য ও নিপীড়নের বিষয়টি পর্যবেক্ষণ করেছে। ২০২০ সালের অন্তর্বর্তীকালীন আদেশ অমান্য করে গণহত্যার প্রমাণ সংরক্ষণে মিয়ানমারের ব্যর্থতার কথাও রায়ে উঠে এসেছে। চূড়ান্ত ও আইনত বাধ্যতামূলক এই রায়ে মিয়ানমারকে সহিংসতা বন্ধ, দোষীদের বিচার নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রায় ১৩ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশ এই মামলার সরাসরি পক্ষ না হলেও শুরু থেকেই পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। ২০১৯ সালে মামলাটি দায়ের করায় গাম্বিয়া, ওআইসি এবং লিখিত বিবৃতি প্রদানকারী ১১টি দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর ত্যাগের কথা স্মরণ করে তিনি প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত রোহিঙ্গা ও আশ্রয়দাতা বাংলাদেশিদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং দাতাদের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।