দ্রুত নবায়নযোগ্য জ্বালানি প্রসারে নতুন আইনের অনুমোদন, থাকছে কঠোর শাস্তির বিধান

দেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ত্বরান্বিত করতে এবং বিশেষ সৌরবিদ্যুৎ প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে 'বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল' পাস হয়েছে। বুধবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বিলটি সংসদে উত্থাপন করলে বিরোধী সদস্যদের আনা জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে তা কণ্ঠভোটে অনুমোদিত হয়। এর আগে গত ১৯ অক্টোবর জারি করা এ-সংক্রান্ত অধ্যাদেশটি অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন করা হয়েছিল, যা রহিত করে এখন স্থায়ী আইনে রূপ দেওয়া হলো। নতুন এই আইনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে এর ক্রয় প্রক্রিয়ায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ই-জিপি ব্যবহারের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

পাস হওয়া বিলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের ক্ষেত্রে অর্থায়ন ও পরিচালনার সুস্পষ্ট রূপরেখা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে 'ওপেক্স' (অপারেশনাল এক্সপেন্ডিচার) মডেলে উপযুক্ত স্থানগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপন করা যাবে। তবে যেসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল বা নিয়মিত আয়ের উৎস রয়েছে, তারা ভবিষ্যৎ আর্থিক সক্ষমতা বিবেচনায় 'ক্যাপেক্স' (ক্যাপিটাল এক্সপেন্ডিচার) মডেলেও এই ব্যবস্থা গড়ে তুলতে পারবে। ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্র পদ্ধতির মাধ্যমে পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ আর্থিক সীমা পাঁচ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, প্রকল্পের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদনের বিধান রাখা হয়েছে।

প্রকল্পের প্রশাসনিক তদারকি ও নিরাপত্তা নিশ্চিত করতেও বিলে গুরুত্বপূর্ণ ধারা যুক্ত করা হয়েছে। বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রমে নীতিগত দিকনির্দেশনা প্রদানের জন্য একটি 'জাতীয় পলিসি কাউন্সিল' গঠন করা হবে এবং মাঠপর্যায়ে কাজ তদারকির জন্য থাকবে 'জেলা কারিগরি ও সমন্বয় কমিটি'। এ ছাড়া, রাষ্ট্রীয় এই সম্পদের সুরক্ষায় কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। নতুন আইন অনুযায়ী, কোনো ব্যক্তি বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিলে কিংবা এর কোনো যন্ত্রাংশ চুরি করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা অর্থদণ্ড, কিংবা উভয় দণ্ডেই দণ্ডিত হবেন।