বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে আবারও আন্দোলনে নেমেছেন পোশাক শ্রমিকরা। সোমবার সকাল পৌনে ৯টার দিকে মিরপুর-১০ ও এর আশপাশের সড়কে তারা অবস্থান নেন। এর ফলে মিরপুর-১০ ও ১১ নম্বর এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।
আগের দিনের সংঘর্ষ ও গ্রেপ্তার অভিযান অব্যাহত
এর আগে রোববারও ন্যূনতম মজুরির দাবিতে একই এলাকায় সড়ক অবরোধ করা হয়েছিল। সে সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব নাশকতায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরে মহাসড়ক অবরোধ ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
অন্যদিকে, সোমবার সকালে গাজীপুরেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তৈরি পোশাক শ্রমিকরা। সেখানকার আইনশৃঙ্খলা বজায় রাখা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।



