অবকাঠামোর বদলে মানবিক মূল্যবোধ ও কর্মদক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিনের

শিক্ষা খাতকে কেবল দৃশ্যমান ভবন ও অবকাঠামো নির্মাণের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে, বরং মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক ও কর্মদক্ষ জনশক্তি তৈরির দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার। এই লক্ষ্য অর্জনে পর্যায়ক্রমে শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা জানান প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।

বিজ্ঞাপন · inarticle_1

অনুষ্ঠানে শিক্ষার মৌলিক দর্শন ব্যাখ্যা করে ড. মাহদী আমিন উল্লেখ করেন, বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রধান লক্ষ্য দুটি—প্রথমত, নৈতিকতা ও মানবিক গুণাবলিসম্পন্ন আদর্শ নাগরিক গড়ে তোলা এবং দ্বিতীয়ত, শিক্ষার্থীদের এমন যুগোপযোগী দক্ষতায় সমৃদ্ধ করা যাতে তারা দেশে বা বিদেশে কর্মসংস্থান তৈরির পাশাপাশি সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তিনি জানান, নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে প্রথম বছরেই শিক্ষা বাজেটের বরাদ্দ জিডিপির প্রায় ২ শতাংশে উন্নীত করা হয়েছে। সরকারের দৃষ্টিতে এই অর্থ কোনো অনুৎপাদনশীল ব্যয় নয়, বরং আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সবচেয়ে কার্যকর বিনিয়োগ।

শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষাক্রমে আধুনিকায়নের পরিকল্পনার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, শুধু নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণই সরকারের একমাত্র অগ্রাধিকার নয়; বরং শ্রেণিকক্ষে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি এবং শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এরই অংশ হিসেবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনা হচ্ছে। চতুর্থ শ্রেণিতে সংস্কৃতি ও ক্রীড়া এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও কারিগরি শিক্ষা যুক্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি উচ্চশিক্ষাকে আরও বাস্তবমুখী করতে শিল্পখাতের সঙ্গে একাডেমিক প্রতিষ্ঠানের সেতুবন্ধন তৈরি এবং আধুনিক মূল্যায়ন পদ্ধতি চালুর কাজও চলমান রয়েছে।

সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শিক্ষাকে প্রধান হাতিয়ার হিসেবে দেখেন উল্লেখ করে ড. মাহদী আমিন জানান, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল চালু এবং প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ প্রদানের মতো জনবান্ধব উদ্যোগগুলো বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অভিষেক আয়োজনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।