শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করে ২০২৭ সালের শুরুর দিকে ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।
বুধবার (১৮ নভেম্বর) কলম্বোর প্রেসিডেনশিয়াল সেক্রেটারিয়েটে প্রেসিডেন্ট দিসানায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সাক্ষাৎকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে লেখা আমন্ত্রণপত্রটি শ্রীলঙ্কার প্রেসিডেন্টের হাতে তুলে দেন। এ সময় প্রেসিডেন্ট দিসানায়েকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠক করার বিষয়েও ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ ও শ্রীলঙ্কার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাস তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ঐতিহাসিক সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী।
আলোচনায় উভয় দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীলঙ্কার দারিদ্র্য বিমোচনে প্রেসিডেন্ট দিসানায়েকের নেওয়া ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন রূপকল্প তুলে ধরে তিনি জানান, দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আড়াই কোটি বৃক্ষরোপণ এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে।
এ ছাড়া বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী ও কৃষকদের সহায়তায় সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ উদ্যোগের বিষয়েও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অবহিত করা হয়। সাক্ষাৎ শেষে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব আরও জোরদার করার বিষয়ে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।



