বাংলাদেশের আর্থিক খাতের সুরক্ষা, ব্যাংক তদারকি ও পুনর্গঠন সক্ষমতা বাড়াতে ৪৫ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মধ্যে এই সম্পর্কিত ‘আর্থিক খাত সহায়তা প্রকল্প-২’ ঋণচুক্তিটি ইআরডি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি অনুসারে বিশ্বব্যাংক বাংলাদেশকে ৩২৮ মিলিয়ন স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) দেবে, যা প্রায় ৪৫০ মিলিয়ন ডলারের সমপরিমাণ। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত মোট পাঁচ বছর মেয়াদে বাংলাদেশ ব্যাংক প্রকল্পটি সরাসরি বাস্তবায়ন করবে।
পাঁচ বছরের রেয়াতকালসহ (গ্রেস পিরিয়ড) মোট ২৫ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে। ঋণের সুদের হার নির্ধারিত হয়েছে বার্ষিক ১.৫ শতাংশ। দেশের বৃহত্তম বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী হিসেবে বিশ্বব্যাংক দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন মৌলিক অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক সংস্কারে গুরুত্বপূর্ণ অর্থায়ন করে আসছে।

