নানা নীতিগত ছাড় ও সুবিধা দেওয়ার পরও দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি থামছে না। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ নতুন করে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা বেড়েছে। ফলে গত সেপ্টেম্বর শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এই চিত্র পাওয়া গেছে। খাতসংশ্লিষ্টদের মতে, ব্যবসা-বাণিজ্যের মন্দা, চড়া সুদহার, ডলারের চড়া দর এবং জ্বালানি সংকটের জেরে অনেক প্রতিষ্ঠান সময়মতো ঋণ ফেরত দিতে পারছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে পুরোনো অনিয়ম এবং প্রভাবশালী গ্রাহকদের কাছ থেকে বকেয়া আদায়ে ব্যর্থতা।

বিজ্ঞাপন · inarticle_1

প্রতিবেদন বলছে, গত সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর বড় একটি অংশ—অর্থাৎ ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা—এখন খেলাপির খাতায়।

এর ঠিক আগের প্রান্তিক অর্থাৎ জুন শেষে মোট ঋণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা এবং খেলাপি ঋণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা ছিল মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ ২০ হাজার ৮৪৯ কোটি টাকা বাড়ার পাশাপাশি মোট ঋণের অনুপাতে এর হারও উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

ব্যাংকভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত সেপ্টেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা। এসব ব্যাংকের মোট ঋণের ৪৬ দশমিক ৫৯ শতাংশই এখন খেলাপি।

অন্যদিকে, বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ৪ লাখ ৫৫ হাজার ৪৭৩ কোটি টাকা, যা তাদের বিতরণ করা ঋণের ৩২ দশমিক ০২ শতাংশ।

এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ রয়েছে ৩ হাজার ৯১৫ কোটি টাকা, যা তাদের মোট ঋণের ৫ দশমিক ৯২ শতাংশ। আর বিশেষায়িত ব্যাংকগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৩০৩ কোটি টাকা, যা এসব ব্যাংকের মোট ঋণের ৩৯ দশমিক ৫১ শতাংশ।