নতুন ন্যূনতম মজুরির পাশাপাশি প্রাপ্য ওভারটাইম ও বোনাসও পাবেন শ্রমিকেরা; গ্রেডভেদে বেতন বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ

প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন জানিয়েছেন, তৈরি পোশাক খাতের শ্রমিকেরা নতুন নির্ধারিত ন্যূনতম মজুরির পাশাপাশি তাদের প্রাপ্য ওভারটাইম ও বোনাসও পাবেন। এর ফলে মূল বেতনের বাইরেও শ্রমিকদের অতিরিক্ত আর্থিক প্রাপ্তি যুক্ত হবে এবং মাস শেষে তাঁদের মোট আয় আরও বাড়বে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র এসব তথ্য তুলে ধরেন।

বিজ্ঞাপন · inarticle_1

মাহদী আমিন জানান, ২০২৩ সালের সর্বশেষ বেতন বৃদ্ধির পর মাত্র তিন বছরের মধ্যে গ্রেডভেদে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, কারখানার আর্থিক সক্ষমতা এবং বৈশ্বিক প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামোসহ সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যে নতুন এই কাঠামো চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, শ্রমিকদের আয়, জীবনমান ও আর্থসামাজিক নিরাপত্তা উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

নতুন কাঠামো অনুযায়ী গ্রেড-১-এর সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটরদের মাসিক ন্যূনতম মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে ৪৩ শতাংশ বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। গ্রেড-২-এর সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার ও সিনিয়র কাফ মেকারদের বেতন ১৪ হাজার ২৭৩ টাকা থেকে ৪০ দশমিক ১১ শতাংশ বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি গ্রেড-৩-এর জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান ও সুইং সহকারীদের মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে ৪১ দশমিক ৭০ শতাংশ বেড়ে ১৯ হাজার ২০০ টাকা এবং গ্রেড-৪-এর হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩৬ শতাংশ বেড়ে ১৭ হাজার টাকা হয়েছে।

স্ট্যাটাসে মাহদী আমিন উল্লেখ করেন, ‘মেড ইন বাংলাদেশ’ আজ বিশ্ববাজারে দেশের সক্ষমতা ও মর্যাদার প্রতীক, যার পেছনে রয়েছে শ্রমিক ভাই-বোনদের নিরলস পরিশ্রম ও ত্যাগ। শ্রমিকদের ন্যায্য মজুরি, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাকে নৈতিক ও সমন্বিত দায়িত্ব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকের কল্যাণ ও শিল্পের সমৃদ্ধি একে অপরের পরিপূরক। কোনো অপপ্রচার বা উসকানিতে প্রভাবিত না হয়ে পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে কারখানায় উৎপাদন স্বাভাবিক রাখতে শ্রমিক-মালিক উভয় পক্ষের প্রতি আহ্বান জানান তিনি।