বেসামরিক কর্মচারীদের পর এবার সামরিক বাহিনীর জন্যও ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’-এর আলোকে ৮৪ পৃষ্ঠার নতুন বেতন ও ভাতা নির্দেশাবলি জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বেসামরিক সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির প্রায় দুই মাস পর এবার দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন ও ভাতা নির্ধারণ করেছে সরকার। গত ১৫ নভেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’-এর আলোকে ৮৪ পৃষ্ঠার এই পৃথক নির্দেশাবলি জারি করা হয়। নতুন এই কাঠামো অনুযায়ী, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী—এই তিন বাহিনীপ্রধানের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা এবং একজন সৈনিকের মূল বেতন হবে ২১ হাজার ৪০০ টাকা। বেসামরিক সরকারি চাকরিজীবীদের মতো সামরিক বাহিনীর সদস্যদের বর্ধিত এই মূল বেতনও ধাপে ধাপে কার্যকর করা হবে, যার হিসাব ২০২৬ সালের ১ জুলাই থেকে ধরা হয়েছে। প্রথম ধাপে অর্থাৎ প্রথম ছয় মাসে বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার পর্যন্ত বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং সার্জেন্ট থেকে নিচের পদ ও ক্যাডেটরা ৫০ শতাংশ পাবেন। এরপর পরবর্তী ছয় মাসের দ্বিতীয় ধাপে বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার পর্যন্ত আরও ৩০ শতাংশ এবং সার্জেন্ট থেকে নিচের পদ ও ক্যাডেটরা ২৫ শতাংশ পাবেন। পরবর্তীতে ২০২৭ সালের ১ জুলাই থেকে সবাই পূর্ণ বেতন ভোগ করবেন। তবে বর্ধিত হারের ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে এবং এর আগ পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুনে প্রচলিত হারেই ভাতা প্রদান করা হবে।
নতুন নির্দেশনায় বাহিনীপ্রধান থেকে শুরু করে কমিশন্ড অফিসার, জেসিও, সৈনিক, রিক্রুট ও ক্যাডেটদের জন্য পদমর্যাদা অনুযায়ী আলাদা বেতনসীমা নির্ধারণ করা হয়েছে, যা নৌ ও বিমানবাহিনীর সমমর্যাদার সদস্যদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। পদভিত্তিক মূল বেতনের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল, ভাইস অ্যাডমিরাল ও এয়ার মার্শালদের জন্য ১ লাখ ৬৪ হাজার টাকা এবং মেজর জেনারেল, রিয়ার অ্যাডমিরাল ও এয়ার ভাইস মার্শালদের জন্য ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া চাকরির ১৭তম বছরে ব্রিগেডিয়ার জেনারেলরা ১ লাখ ৩২ হাজার ৩০০ টাকা, কর্নেলরা ১ লাখ ২৫ হাজার ৩০০ টাকা, লেফটেন্যান্ট কর্নেলরা ১ লাখ ২২ হাজার টাকা এবং মেজররা ১ লাখ ১৭ হাজার ৭০০ টাকা মূল বেতন পাবেন। অন্যদিকে, চাকরির প্রথম বছরে ক্যাপ্টেনদের জন্য ৫৮ হাজার টাকা, লেফটেন্যান্টদের জন্য ৪৮ হাজার ৩০০ টাকা এবং সেকেন্ড লেফটেন্যান্টদের জন্য ৪৬ হাজার ২০০ টাকা মূল বেতন নির্ধারিত হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর মেডিকেল, ডেন্টাল, প্রকৌশল, সিগন্যালস ও ইএমই কোরের কর্মকর্তাদের জন্যও এই প্রজ্ঞাপনে বিশেষ ও আলাদা নির্দেশনা রাখা হয়েছে।
মূল বেতনের পাশাপাশি কমান্ড, স্টাফ, চার্জ, শিক্ষকতা ও যোগ্যতা ভাতার হারও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। বাহিনীপ্রধানের জন্য কমান্ড, স্টাফ, চার্জ ও শিক্ষকতা ভাতা মাসে ৩ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া লেফটেন্যান্ট জেনারেল ও সমমর্যাদার কর্মকর্তারা ২ হাজার ৮৬০ টাকা, মেজর জেনারেল ২ হাজার ৪২১ টাকা, ব্রিগেডিয়ার জেনারেল ২ হাজার ২০০ টাকা, কর্নেল ১ হাজার ৯৮২ টাকা, লেফটেন্যান্ট কর্নেল ১ হাজার ৭৬৪ টাকা, মেজর ১ হাজার ৩৩০ টাকা এবং ক্যাপ্টেন ও তদনিম্ন পর্যায়ের সদস্যরা মাসে ৮৮০ টাকা করে এই ভাতা পাবেন। পাশাপাশি যোগ্যতা ভাতা বাড়িয়ে পদভেদে মাসে ৫৫৪ টাকা থেকে ৮৮০ টাকা পর্যন্ত করা হয়েছে। অন্যদিকে, উড্ডয়ন ভাতার ক্ষেত্রে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ও ওপরের পদের পাইলট-ক্রু, নৌবাহিনীর কমান্ডার ও ওপরের কর্মকর্তা এবং বিমানবাহিনীর এয়ার কমোডর ও ওপরের কর্মকর্তারা মাসে ১২ হাজার টাকা পাবেন। এর নিচের নির্দিষ্ট পদগুলোর জন্য এ ভাতা ১০ হাজার টাকা এবং বিমানবাহিনীর গ্রাউন্ড প্রশিক্ষকদের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
চিকিৎসক কর্মকর্তাদের বিশেষজ্ঞ ভাতা এবং অন্যান্য ঝুঁকি ও বিশেষ ভাতাতেও বড় পরিবর্তন আনা হয়েছে। বিশেষজ্ঞ ভাতার ক্ষেত্রে মেজর জেনারেল ও তার ওপরের পর্যায়ে ২ হাজার ৮৩০ টাকা, ব্রিগেডিয়ার জেনারেল ২ হাজার ২০০ টাকা, কর্নেল ১ হাজার ৯৮২ টাকা, লেফটেন্যান্ট কর্নেল ১ হাজার ৭৬৪ টাকা এবং মেজর পর্যায়ে ১ হাজার ৩৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য ভাতার মধ্যে সাবমেরিন ভাতা ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ৫০০ টাকা, প্যারাসুট ও স্কুবা ডাইভিং ভাতা ৬৬৪ টাকা থেকে বাড়িয়ে ৭১৫ টাকা এবং স্নাইপার ভাতা ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৭১৫ টাকা করা হয়েছে। প্রতিরক্ষা সার্ভিস ভাতা জেনারেল পর্যায়ে ৭ হাজার ২০০ টাকা ও সেকেন্ড লেফটেন্যান্ট পর্যায়ে ৬ হাজার ৬৯০ টাকা নির্ধারিত হয়েছে; পাশাপাশি কিট ভাতা ১ হাজার ৩২০ টাকা, ব্যাটম্যান ভাতা ১ হাজার ২০০ টাকা, ডিস্টার্ব্যান্স ভাতা ২ হাজার ২০০ টাকা এবং দৈনিক ঝুঁকি ভাতা ১২১ টাকা করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের বেতন কাঠামোতে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য সম্পূর্ণ নতুন চারটি ভাতা যুক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে মোবাইল ভাতা হিসেবে মেজর ও তার ওপরের কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং ক্যাপ্টেন ও নিচের পদের চাকরিজীবীরা ১৫০ টাকা পাবেন। এ ছাড়া প্রতিবন্ধী সন্তানের ভাতা হিসেবে সর্বোচ্চ দুই সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে, দুর্গম অঞ্চলে কর্মরতদের জন্য মূল বেতনের ২০ শতাংশ (সর্বোচ্চ ৫ হাজার টাকা) হারে হাওর-দ্বীপ-চর ভাতা এবং রাডার ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরতদের জন্য মাসে ২ হাজার টাকা করে তেজস্ক্রিয় ঝুঁকি ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



