২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদনের প্রস্তুতি চলছে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে। এ বছর এইচএসসি ও সমমানের ফলাফল তুলনামূলক খারাপ হওয়ায় আবেদনের জিপিএ শর্তে ছাড় দিয়েছে ১৬টি বিশ্ববিদ্যালয়। এই তালিকায় রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), কৃষিগুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

ভর্তি আবেদনের যোগ্যতা কমিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে, যা গত বছর ছিল মোট জিপিএ ৭.০০।

বিজ্ঞাপন · inarticle_1

বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.০০ নির্ধারণ করা হয়েছে, যা আগের শিক্ষাবর্ষে ছিল মোট জিপিএ ৮.০০। গত ১৫ নভেম্বর শুরু হওয়া আবেদন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত এবং ভর্তি পরীক্ষা হবে আগামী ১২, ১৩ ও ২০ ফেব্রুয়ারি।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

কুয়েটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন ১০ নভেম্বর শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এবার এইচএসসি/আলিম বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি—এই চার বিষয়ে সম্মিলিতভাবে কমপক্ষে জিপিএ ১৬.০০ থাকতে হবে (বিদেশি বোর্ডের ক্ষেত্রে সমতুল্য গ্রেড)। ২০২৫ শিক্ষাবর্ষে এই চার বিষয়ে যোগ্যতা চাওয়া হয়েছিল ১৮।

কৃষিগুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়

কৃষিগুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং অনলাইন আবেদন শুরু হবে ২৫ নভেম্বর। আগে চতুর্থ বিষয় বাদে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ ও মোট জিপিএ ৮.৫০ লাগলেও এবার চতুর্থ বিষয়সহ উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং মোট জিপিএ ৮.০০ থাকলেই আবেদন করা যাবে।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

এমআইএসটির ভর্তি পরীক্ষা আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি এবং অনলাইন আবেদন চলবে ৫ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত। এসএসসিতে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ৪.০০ থাকতে হবে, আর এইচএসসিতে উচ্চতর গণিত, পদার্থ ও রসায়নে মোট জিপিএ ১২.০০ এবং প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। এ বছর ইংরেজির শর্ত বাতিল করা হয়েছে, যেখানে আগের বছর চার বিষয়ে মোট ১৮ এবং সংশ্লিষ্ট তিন বিষয়ে আলাদাভাবে ন্যূনতম ৪.০০ শর্ত ছিল।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হচ্ছে আগামীকাল ২২ নভেম্বর এবং চলবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। সব ইউনিটেই চতুর্থ বিষয়সহ জিপিএ শর্ত কমানো হয়েছে। ‘এ’ ইউনিটে মোট জিপিএ ৭.৫০ ও পৃথকভাবে ৩.৫০ (আগে ছিল মোট ৮.৫০ ও পৃথকভাবে ৪.০০)। ‘বি’ ইউনিটে বিজ্ঞানে মোট ৭.৫০ ও পৃথকভাবে ৩.৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য শাখায় মোট ৬.৫০ ও পৃথকভাবে ৩.০০ (আগে ছিল যথাক্রমে ৮.৫০ ও ৭.৫০)।

‘সি’ ইউনিটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য শাখায় মোট ৭.৫০ ও পৃথকভাবে ৩.৫০ এবং মানবিকে মোট ৬.৫০ ও পৃথকভাবে ৩.০০ (আগে ছিল যথাক্রমে ৮.৫০ ও ৭.৫০)। ‘সি১’ ইউনিটে উভয় পরীক্ষায় মোট ৬.৫০ ও পৃথকভাবে ৩.০০ (আগে ছিল মোট ৭.৫০ ও পৃথকভাবে ৩.৫০)। ‘ডি’ ইউনিটে মোট ৮.০০ ও পৃথকভাবে ৩.৫০ (আগে ছিল মোট ৯.০০ ও পৃথকভাবে ৪.০০)। ‘ই’ ইউনিট ও আইবিএ-জেইউতে বিজ্ঞানে মোট ৭.৫০ ও পৃথকভাবে ৩.৫০ এবং ব্যবসায় শিক্ষা, মানবিক ও অন্যান্য শাখায় মোট ৬.৫০ ও পৃথকভাবে ৩.০০ (আগে ‘ই’ ইউনিটে সব শাখায় মোট ৮.০০ এবং আইবিএ-জেইউতে বিজ্ঞানে ৮.০০ ও অন্য শাখায় ৭.৫০ ছিল)।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হয়েছে গত ১৫ নভেম্বর এবং চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। ‘এ’, ‘বি’ ও ‘ডি’ ইউনিটে মোট ও পৃথক জিপিএ এবং ‘ই’ ইউনিটে মোট জিপিএ কমানো হলেও ‘সি’ ইউনিট অপরিবর্তিত রয়েছে। ‘এ’ ইউনিটে মোট জিপিএ ৭.০০ ও কোনো পরীক্ষায় ৩.০০-এর নিচে নয় (আগে ছিল মোট ৭.৫০ ও পৃথকভাবে ৩.২৫)। ‘বি’ ও ‘ডি’ ইউনিটে মোট ৬.০০ ও কোনো পরীক্ষায় ২.৭৫-এর নিচে নয় (আগে উভয়টিতে মোট ৬.৫০ ও পৃথকভাবে ৩.০০ ছিল)।

‘সি’ ইউনিটে মোট ৬.৫০ ও কোনো পরীক্ষায় ৩.০০-এর নিচে নয় (গত বছরের মতোই)। ‘ই’ ইউনিটে মোট ৫.৫০ ও কোনো পরীক্ষায় ২.৫০-এর নিচে নয় (আগে মোট ৬.০০ ছিল)।

বুটেক্স ও রুয়েট

বুটেক্স ও রুয়েট মূল জিপিএ শর্ত ঠিক রেখে বিষয়ভিত্তিক জিপিএ কমিয়েছে। বুটেক্সে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি/সমমানে ন্যূনতম জিপিএ ৪.০০-সহ গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজিতে মোট ১৬.৫০ পয়েন্ট (আগে ছিল ১৭.৫০) এবং প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে।

রুয়েটের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.০০-সহ উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে মোট জিপিএ ১৩.০০ (আগে ছিল ১৪.০০) এবং প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম ৪.০০ থাকতে হবে। পাশাপাশি সরকারি মেডিকেল ও ডেন্টালেও জিপিএ শর্ত কমানোর আলোচনা চলছে।