সরকারি নতুন নীতিমালা অনুযায়ী বেসরকারি স্কুলে ১ম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ৫ বছর থেকে বাড়িয়ে ৬ বছর নির্ধারণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সম্প্রতি ২০২৭ শিক্ষাবর্ষের এই ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়। জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১লা জানুয়ারি তারিখে শিক্ষার্থীর বয়স অবশ্যই ৬ থেকে ৭ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য আবেদনের সাথে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে, তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বয়সে সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত ছাড় পাবে।
নতুন নিয়মে ১ম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচন বাধ্যতামূলকভাবে লটারির মাধ্যমে সম্পন্ন করতে হবে। লটারিতে নির্বাচিত মূল তালিকার পাশাপাশি সমান সংখ্যক প্রার্থীর একটি অপেক্ষমাণ তালিকাও রাখতে হবে, যেন মূল তালিকা থেকে কেউ ভর্তি না হলে পর্যায়ক্রমে তা পূরণ করা যায়। অপরদিকে, ২য় থেকে ৯মে শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষার মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে। বিশেষ করে ৯মে ভর্তির জন্য ৮ম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বিভিন্ন শ্রেণিতে ভর্তি পরীক্ষার জন্য নির্দিষ্ট মান বণ্টন ও সময়সীমা ঠিক করা হয়েছে। ২য় থেকে ৩য় শ্রেণির জন্য ৫০ নম্বরের ১ ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর বরাদ্দ থাকবে। ৪র্থ থেকে ৯মে ভর্তি পরীক্ষার সময় ২ ঘণ্টা এবং পূর্ণমান ১০০, যেখানে বাংলা ও ইংরেজিতে ৩০ নম্বর করে এবং গণিতে ৪০ নম্বর থাকবে। শূন্য আসন উল্লেখ করে নিজ নিজ প্রতিষ্ঠান বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরও সর্বসাধারণের অবগতির জন্য জাতীয় ও স্থানীয় মাধ্যমে তা প্রচারের ব্যবস্থা নিবে।



