তরুণ উদ্যোক্তা তৈরি ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে ‘ফাহিম সালেহ স্কলারশিপ’ ও বিশেষ এনডাওমেন্ট ফান্ড চালু

রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহের উদ্ভাবনী চিন্তা ও তরুণ উদ্যোক্তা তৈরির স্বপ্নকে বাঁচিয়ে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। তার স্মৃতিতে ‘ফাহিম সালেহ স্কলারশিপ’ এবং ‘ফাহিম সালেহ ইয়ুথ এন্ট্রাপ্রেনিউরশিপ এনডাওমেন্ট ফান্ড’ নামে দুটি পৃথক কার্যক্রম শুরু করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে ফাহিমের বাবা-মা আর্থিক অনুদান প্রদান করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও সমপরিমাণ অর্থ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে ফাহিমের বাবা সালেহ উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আরিফুল ইসলামের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিজ্ঞাপন · inarticle_1

ফাহিম সালেহ ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা, যিনি ২০১৫ সালে বাংলাদেশে পাঠাও এবং ২০১৮ সালে নাইজেরিয়ায় গোকাডা প্রতিষ্ঠা করে প্রযুক্তি খাতে আলোড়ন সৃষ্টি করেছিলেন। কেবল নিজের প্রতিষ্ঠান গড়ে তোলাই নয়, বরং অ্যাডভেঞ্চার ক্যাপিটাল এবং লঞ্চ আফ্রিকা ভেঞ্চারসের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি উন্নয়নশীল দেশগুলোর উদীয়মান উদ্যোক্তাদের বিনিয়োগ ও দিকনির্দেশনা দিয়ে সহায়তা করেছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে স্থানীয় ও প্রাত্যহিক সমস্যা সমাধানের মাধ্যমে গড়ে ওঠা ক্ষুদ্র উদ্যোগগুলোও একদিন বৈশ্বিক পর্যায়ে বড় প্রতিষ্ঠানে রূপ নিতে পারে। বাংলাদেশের তরুণদের মেধা ও সক্ষমতার ওপর তার ছিল অগাধ আস্থা। অকালে তার জীবনপ্রদীপ নিভে গেলেও, তার সেই অসমাপ্ত স্বপ্ন ও দর্শনকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই ব্র্যাক ইউনিভার্সিটি এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার এই তহবিলকে কেবল আর্থিক সহায়তা হিসেবে না দেখে একটি সুদূরপ্রসারী লক্ষ্য হিসেবে বিবেচনার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, তরুণদের জন্য উদ্যোক্তা পুরস্কার ও তহবিলের ব্যবস্থা করা হলে দেশের সড়ক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ও বাস্তবভিত্তিক সমস্যা সমাধানে নতুন সব উদ্ভাবনী উদ্যোগ সামনে আসবে। ট্রেজারার আরিফুল ইসলাম ফাহিমের স্বপ্নকে এগিয়ে নেওয়ার এই সুযোগকে বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত সম্মানের বলে অভিহিত করেন এবং ফাহিমের পরিবারের সঙ্গে সেতুবন্ধন তৈরির জন্য ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের উপদেষ্টা লেডি সৈয়দা সারওয়াত আবেদ ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা হুমায়ুন কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে ফাহিমের বাবা সালেহ উদ্দিন আহমেদ তার সন্তানের স্মৃতি সংরক্ষণে এমন সময়োপযোগী পদক্ষেপ নেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বৃত্তি ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমের বাস্তব সুফল তুলে ধরেন বর্তমান শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তারা। আইন বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস সিফাত জানান, বাবা-মায়ের অসুস্থতা ও চিকিৎসার খরচের কারণে তার পরিবার চরম আর্থিক সংকটে পড়লেও বিশ্ববিদ্যালয়ের বৃত্তি তার শিক্ষাজীবন সচল রেখেছে এবং নতুন ভবিষ্যৎ গড়ার সাহস জুগিয়েছে। অন্যদিকে, পানির নিচে চলাচলকারী স্বয়ংক্রিয় প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডুবোটেক ডিজিটাল লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা সৌমিক হাসান শ্রান্ত ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের (সিইডি) সহায়তায় তার স্টার্টআপের এগিয়ে যাওয়ার গল্প শোনান। বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর অব কমিউনিকেশন্স খায়রুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে রেজিস্ট্রার ডেভ ডাউল্যান্ড, সিইডির হেড আফসানা চৌধুরী এবং ইন্টারন্যাশনাল অ্যান্ড স্কলারশিপ অফিসের হেড সাইদুজ্জামান শিকদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এই সমন্বিত উদ্যোগ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মানসম্মত শিক্ষা (এসডিজি-৪), শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি (এসডিজি-৮) এবং বৈষম্য হ্রাস (এসডিজি-১০) অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।