বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে বেতন-ভাতা দিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো হিসাব বিবরণীতে এখনো অনুমোদন দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। ফাইলটি অনুমোদন না হওয়ায় অতিরিক্ত বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে নতুন করে চিঠিও পাঠানো সম্ভব হয়নি।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মাউশি থেকে ৬ হাজার ৮০০ কোটি টাকার বেশি অতিরিক্ত অর্থের চাহিদা জানিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে একটি চিঠি পাঠানো হয়। এর প্রেক্ষিতে গত রবিবার ফাইলটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হলেও তা এখনো ঝুলে আছে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে নাটোর অবস্থান করায় ফাইলটি স্বাক্ষরের কোনো সুযোগ নেই। সন্ধ্যায় ঢাকায় ফেরার পর পরবর্তী কার্যদিবসে এ বিষয়ে অগ্রগতি হতে পারে। ফাইলটি অনুমোদিত হলেই অর্থ বিভাগে বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হবে।
অন্যদিকে, বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জানিয়েছে, অর্থ মন্ত্রণালয় থেকে পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন বা গেজেট জারি না হওয়া পর্যন্ত তারা অতিরিক্ত বরাদ্দের জন্য অর্থ বিভাগে কোনো চিঠি পাঠাবে না।
সংশ্লিষ্ট সূত্র বলছে, নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে অতিরিক্ত প্রায় ২ হাজার কোটি টাকা প্রয়োজন, যার হিসাব ইতিমধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয়ে জমা দিয়েছে। তবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের হিসাব এখনো মন্ত্রণালয়ে পৌঁছায়নি।
এ বিষয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন জানান, মাদ্রাসা শিক্ষকদের হিসাব পাওয়া গেলেও কারিগরি শিক্ষকদের হিসাব এখনো বাকি রয়েছে। দুটি অধিদপ্তরের চাহিদাপত্র একত্রিত করে অর্থ বিভাগে পাঠানো হবে।
মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের আরেক কর্মকর্তা উল্লেখ করেন, এমপিওভুক্ত জনবলকে নতুন পে-স্কেলের আওতায় আনতে হলে অর্থ বিভাগ থেকে পৃথক গেজেট জারি করা বাধ্যতামূলক। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে অনুরোধ জানানো হলেও অর্থ বিভাগ এখনো কোনো জবাব দেয়নি। ফলে গেজেট জারি না হওয়া পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে বেতন-ভাতা প্রাপ্তির বিষয়টি অনিশ্চিতই থেকে যাচ্ছে।



