বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল কার্যকর করতে অতিরিক্ত ৬ হাজার ৮৯৫ কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে স্কুল পর্যায়ের জন্য ৫ হাজার ৯৪ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৩৬৯ টাকা এবং কলেজ পর্যায়ের জন্য ১ হাজার ৮০১ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫৯৫ টাকা বরাদ্দ চাওয়া হবে। এ সংক্রান্ত চিঠি অর্থ বিভাগে পাঠাতে ফাইল তোলা হয়েছে এবং অনুমোদন প্রক্রিয়া শেষে তা পাঠানো হবে।
মন্ত্রণালয়ের সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো হিসাব বিবরণীর ভিত্তিতে গত বৃহস্পতিবার চিঠি পাঠানোর ফাইল তোলা হয়। তবে সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত ফাইলটি অনুমোদনের ধাপ পার না হওয়ায় এদিন চিঠি পাঠানো সম্ভব হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মাউশির আগের হিসাবে ভুল থাকায় নতুন করে হিসাব ও প্রক্রিয়া সাজাতে হচ্ছে। তবে চলতি সপ্তাহের মধ্যেই নতুন পে-স্কেলের অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে আনুষ্ঠানিক চিঠি পাঠানো যাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে মাউশি নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব দিয়েছিল, যা বাস্তব প্রয়োজনের তুলনায় অনেক কম ছিল। অর্থ বিভাগ থেকে ভুলের বিষয়টি চিঠির মাধ্যমে জানানোর পর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাউশি গত বৃহস্পতিবার সংশোধিত হিসাব জমা দেয়।
হিসাবের এই বড় গরমিলের বিষয়ে মাউশির এক কর্মকর্তা জানান, বেতন-ভাতার হিসাব ৫ দিয়ে গুণ করার কথা থাকলেও সংশ্লিষ্টরা তার চেয়ে কম গুণক ব্যবহার করেছিলেন। মূলত সেই ভুলের কারণেই আগের বরাদ্দের হিসাবে এত বড় অসংগতি তৈরি হয়।



