রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর মধ্যরাতে চরম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার গুরুতর অভিযোগ তুলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। রোববার রাত পৌনে ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তিনি দাবি করেন, অনুষ্ঠান শেষ করে বের হওয়ার সময় সুপরিকল্পিতভাবে তার গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এছাড়া অনুষ্ঠানে বেশ কয়েকটি স্টল ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন এই অভিনেত্রী।
লাইভে ক্ষোভ প্রকাশ করে পরীমনি বলেন, নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে না পারলেও দর্শকরা পুরো অনুষ্ঠানটি উপভোগ করেছিলেন। কিন্তু প্রোগ্রাম শেষ হওয়ার পর কিছু লোক উসকানিমূলক আচরণ শুরু করে এবং অ্যাটাকিং মোডে অবস্থান নেয়। তার প্রশ্ন, কারো কোনো ব্যক্তিগত ক্ষোভ থাকলে তা সরাসরি তার সাথে বসে সমাধান করা যেত, কিন্তু এভাবে শিল্পীদের হেনস্তা করার ও গাড়ি ভাঙচুর করার অধিকার কারও নেই।
পরিস্থিতির ভয়াবহতার বর্ণনা দিয়ে পরীমনি আরও বলেন, গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকার পরও তাকে নিরাপদে বের করে নিয়ে আসতে পারছিল না, পরে অতিরিক্ত পুলিশ তলব করতে হয়। দেশের বর্তমান আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "কোথায় এই দেশের নিরাপত্তা? তাহলে কি আমি ঘোমটা পরেই থাকব?" অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য শিল্পীদের নিরাপত্তা ও স্টল ভাঙচুরের দায় কে নেবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
অন্যদিকে, পুরো ঘটনা প্রসঙ্গে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর গণমাধ্যমকে জানান, সামান্য একটি ভুল বোঝাবুঝি বা সমস্যা তৈরি হয়েছিল, যা তাৎক্ষণিকভাবে পুলিশি হস্তক্ষেপে সমাধান করা হয়েছে। পরীমনি নিরাপদে তার বাসায় ফিরে গেছেন বলেও তিনি নিশ্চিত করেন। তবে গাড়ি বা স্টল ভাঙচুরের সুনির্দিষ্ট কোনো ঘটনার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানান তিনি। উল্লেখ্য, সম্প্রতি একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর সাংবাদিকদের সাথে অপ্রীতিকর ঘটনার জেরে বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন এই চিত্রনায়িকা।



