মিস ইউনিভার্সের মুকুট জয় থেকে শুরু করে পর্দার বাইরের ব্যক্তিজীবন—সবখানেই নিজের শর্তে বেঁচেছেন সুস্মিতা সেন। তাঁর ৫১তম জন্মদিনে ফিরে দেখা যাক আলোচিত সম্পর্ক ও বিয়ের গুঞ্জনের গল্পগুলো।
১৯৭৫ সালের ১৯ নভেম্বর হায়দরাবাদে জন্ম নেওয়া সুস্মিতা সেন মাত্র ১৮ বছর বয়সে মিস ইন্ডিয়া খেতাব জিতে তাক লাগিয়ে দেন এবং ১৯৯৪ সালে প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্সের মুকুট মাথায় তোলেন। ১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখার পর ‘বিবি নাম্বার ওয়ান’, ‘ম্যায় হুঁ না’ ও ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’-র মতো ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেন তিনি। দীর্ঘ বিরতির পর ২০২০ সালে ‘আরিয়া’ ওয়েব সিরিজে ফিরে এসে আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পান এবং পরবর্তীতে ‘তালি’ সিরিজে রূপান্তরকামী অধিকারকর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। ক্যারিয়ারের শুরুতেই ২৪ বছর বয়সে প্রথম কন্যা রেনেকে দত্তক নেওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, যদিও তখন অনেকেই তাঁকে ক্যারিয়ার নিয়ে সতর্ক করেছিলেন। বাস্তবে মা হওয়ার পরই তাঁর ক্যারিয়ারের বেশ কয়েকটি বড় সাফল্য আসে এবং ২০১০ সালে তিনি দ্বিতীয় কন্যা আলিশাহকে দত্তক নিয়ে নিজের মাতৃত্বের ভুবন আরও পূর্ণ করেন।
সুস্মিতার ব্যক্তিজীবন ও প্রেমের সম্পর্ক নিয়ে বরাবরই নানা আলোচনা চলেছে। বলিউডে অভিষেক ছবি ‘দস্তক’-এর চিত্রনাট্যকার বিক্রম ভাটের সঙ্গে কাজের সুবাদে তাঁর ঘনিষ্ঠতা ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা নিয়ে সে সময় বেশ চর্চা হয়েছিল; পরবর্তীতে এক সাক্ষাৎকারে বিক্রম তাঁর সেই সময়ের সিদ্ধান্ত নিয়ে অনুশোচনার কথাও জানান। এরপর ২০০৬ সালের দিকে অভিনেতা রণদীপ হুদার সঙ্গে তাঁর সম্পর্কের খবর প্রকাশ্যে আসে, একসঙ্গে দুজনকে বিভিন্ন স্থানে দেখা যায় এবং ‘কর্মা, কনফেশনস অ্যান্ড হোলি’ ছবিতেও তাঁরা অভিনয় করেন। প্রায় তিন বছর একসঙ্গে থাকার পর ২০০৯ সালে তাঁদের পথ আলাদা হয়ে যায়, যা নিয়ে রণদীপ পরে সাক্ষাৎকারে নিজের অনুভূতি প্রকাশ করেছিলেন। এছাড়া পরিচালক মুদাসসর আজিজের সঙ্গে কাজের সূত্রে গুঞ্জন এবং রেস্তোরাঁ ব্যবসায়ী ঋত্বিক ভাসিনকে ঘিরে ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে ওঠা নানা খবরও সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিল।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামকে জড়িয়ে বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল ২০১৩ সালের এপ্রিল মাসে, যার সূত্রপাত হয়েছিল ২০০৮ সালে ‘এক খিলাড়ি এক হাসিনা’ নামের নাচের রিয়েলিটি শোয়ে একসঙ্গে বিচারকের দায়িত্ব পালনের মধ্য দিয়ে। বিয়ের খবর চাউর হওয়ার পর সুস্মিতা সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট করে জানান যে ওয়াসিম আকরাম কেবল তাঁর বন্ধু এবং বন্ধুই থাকবেন; আকরামও ভিত্তিহীন এই গুজব থামানোর আহ্বান জানিয়ে ব্যক্তিজীবনের গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ করেন। অন্যদিকে মডেল রেহমান শালের সঙ্গে সম্পর্কের ইতি টানার খবর ২০২১ সালের ২৩ ডিসেম্বর ইনস্টাগ্রামে নিজেই জানান সুস্মিতা, যেখানে তিনি উল্লেখ করেন যে তাঁদের প্রেমের অধ্যায় আগেই শেষ হলেও বন্ধুত্ব অটুট রয়েছে। পরের বছর ২০২২ সালের জুলাইয়ে আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি সুস্মিতার সঙ্গে ছবি প্রকাশ করে সম্পর্কের কথা জানালে বিয়ের গুঞ্জন শুরু হয়, তবে উভয় পক্ষ থেকেই স্পষ্ট করা হয় যে তাঁদের বিয়ে বা বাগদান কিছুই হয়নি। পরবর্তী সময়ে রিয়া চক্রবর্তীর অনুষ্ঠানে সুস্মিতা জানান যে প্রায় তিন বছর ধরে তিনি একাই আছেন এবং কোনো প্রেমের সম্পর্কে জড়াননি।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া।



