আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে দখলে নেওয়ার উসকানিমূলক হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। একই সঙ্গে বাংলাদেশে কথিত ‘হিন্দু হত্যার’ প্রতিশোধ নেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার চলমান কূটনৈতিক টানাপড়েনের মধ্যেই মঙ্গলবার তাঁর এই আক্রমণাত্মক বক্তব্য নতুন করে তীব্র আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার ভারতের উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্জুন সিং বলেন, “১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। অনেক হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে। এতে কোনো সন্দেহ নেই।”
২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে যখন নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে, ঠিক সেই মুহূর্তেই পশ্চিমবঙ্গের এই মন্ত্রীর পক্ষ থেকে এমন মন্তব্য এলো।
শেখ হাসিনার ফেরা ও ঢাকার কঠোর অবস্থান: সম্প্রতি শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা।
এই ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট মহল থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে একজন বন্দি হিসেবেই ফিরবেন এবং তাকে হাতকড়া পরিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে বাংলাদেশে আনা হবে। অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম শেখ হাসিনার দেশে ফেরার জন্য সরকারের কাছে আকাশপথে পরিবহনের ব্যবস্থা চাওয়ার বিষয়টিকে ‘উন্মাদনা ছাড়া আর কিছুই নয়’ বলে অভিহিত করেছেন।
কূটনৈতিক টানাপড়েন ও প্রত্যর্পণ ইস্যু: উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ঢাকার পক্ষ থেকে ভারতের কাছে একাধিকবার আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। তবে নয়াদিল্লির পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে, বাংলাদেশের পাঠানো সেই অনুরোধ তারা আইনি প্রক্রিয়ায় পর্যালোচনা ও যাচাই-বাছাই করছে। এছাড়া শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা এবং আনুষ্ঠানিক প্রত্যর্পণের বিষয়টি আলাদা বলেও ভারতের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।
শেখ হাসিনার প্রত্যাবর্তন, প্রত্যর্পণ এবং সংখ্যালঘু ইস্যু নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে যখন চরম কূটনৈতিক অস্বস্তি বিরাজ করছে, তখন পশ্চিমবঙ্গের একজন দায়িত্বশীল মন্ত্রীর এমন প্রকাশ্য হুমকি পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।



