সীমান্ত বন্ধের ঘোষণা এবং ইউক্রেনীয় ড্রোনকে আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগে বাল্টিক রাষ্ট্রটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে মস্কো।

প্রতিবেশী বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়ার বিরুদ্ধে একের পর এক উসকানিমূলক ও বৈরী কর্মকাণ্ডের অভিযোগ তুলে সরাসরি সামরিক সংঘাতের কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এস্তোনিয়া সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলো দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ককে খাদের কিনারে নিয়ে গেছে এবং পরিস্থিতিকে প্রকাশ্য যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। সোমবার (২৩ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই গুরুতর সতর্কবার্তা উচ্চারণ করা হয়।

বিজ্ঞাপন · inarticle_1

মূলত রাশিয়ার সঙ্গে স্থলসীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা ঘোষণা এবং বাল্টিক সাগরে রুশ জাহাজে ইউক্রেনের হামলার ঘটনার পর থেকেই এস্তোনিয়ার বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে ক্রেমলিন। সীমান্ত বন্ধের এই একতরফা সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মারেক উহতেগিকে জরুরি তলব করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে এস্তোনীয় কূটনীতিককে সাফ জানিয়ে দেওয়া হয় যে, এ ধরনের বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের মাধ্যমে তাল্লিন সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে।

একই সঙ্গে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে হামলা চালানোর জন্য ইউক্রেনীয় ড্রোনগুলোকে এস্তোনিয়া তাদের আকাশসীমা ব্যবহারের পরোক্ষ অনুমতি দিচ্ছে বলেও গুরুতর অভিযোগ তুলেছে মস্কো। যদিও তাল্লিন কর্তৃপক্ষ এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। এর পাশাপাশি এস্তোনিয়ার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে রুশবিদ্বেষী মনোভাব উসকে দেওয়া, বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি এবং রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহন নিষিদ্ধ করার অভিযোগও আনা হয়েছে। এমনকি দেশটিতে রুশ ভাষার ব্যবহার সংকুচিত করা এবং রুশ অর্থোডক্স গির্জা বন্ধের হুমকির বিষয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মস্কো।

বিবৃতির শেষাংশে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, নিজেদের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং প্রবাসী রুশ নাগরিকদের বৈধ অধিকার সুরক্ষায় যেকোনো প্রয়োজনীয় রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার পূর্ণ অধিকার রাশিয়ার রয়েছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লিবিয়ার বেনগাজি বন্দরে দুটি রুশ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করলে মস্কো কিয়েভকে চরম পরিণতির হুঁশিয়ারি দেয় এবং ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করে। উল্লেখ্য, রাশিয়ার প্রতিবেশী এই বাল্টিক দেশটি পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পূর্ণ সদস্য হওয়ায় মস্কোর এই সরাসরি যুদ্ধের হুমকি পুরো ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।

সূত্র: আলজাজিরা