অননুমোদিত পথে ট্র্যাকিং বন্ধ রেখে চলাচলের সময় নৌ-মাইনের আঘাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) গতকাল শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ওমানের খাসাব বন্দরের প্রবেশমুখে প্রথম ট্যাংকারটি মাইনের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর কয়েক ঘণ্টার ব্যবধানেই প্রণালির পূর্ব অংশে একটি অননুমোদিত নৌপথ দিয়ে যাওয়ার সময় দ্বিতীয় ট্যাংকারটিও একই ধরনের মাইন বিস্ফোরণের কবলে পড়ে আগুন ধরে যায়।

বিজ্ঞাপন · inarticle_1

ইরানি বাহিনীর দাবি অনুযায়ী, ক্ষতিগ্রস্ত দুটি ট্যাংকারই জলসীমায় নিজেদের অবস্থান গোপন রাখতে এবং সামরিক নজরদারি এড়াতে তাদের স্বয়ংক্রিয় অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বা ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখেছিল। ওই নির্দিষ্ট নৌপথটি নিয়ে আন্তর্জাতিক নৌযানগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, পুরো পথজুড়ে বিপুল পরিমাণ নৌ-মাইন পেতে রাখা হয়েছে। এই অতি ঝুঁকিপূর্ণ ও অননুমোদিত রুট ব্যবহার করে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে মার্কিন সামরিক বাহিনীর আকাশপথের নিরাপত্তা বা সহায়তাও সেগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ও উত্তেজনা শুরুর পর থেকেই হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে আসছে তেহরান। ইরান শুরু থেকেই বিদেশি জাহাজগুলোকে তাদের নির্ধারিত নিরাপদ নৌপথ ব্যবহারের নির্দেশ দিয়ে আসছে এবং অনুমতি ছাড়া চলাচলকারী নৌযানে হামলার ঘটনাও এর আগে ঘটেছে। অন্যদিকে, পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। পরাশক্তিগুলোর এমন পাল্টাপাল্টি অবস্থান ও সাম্প্রতিক দিনগুলোতে মাইন হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল চরম অনিশ্চয়তা ও ঝুঁকির মুখে পড়েছে।