সৌদি আরবের রাজধানী রিয়াদে রোববার বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ সম্ভাব্য হামলার আশঙ্কায় আগাম সতর্কতা জারির কিছুক্ষণ পরই এ শব্দ শোনা যায়। তবে পরবর্তীতে কতৃপক্ষ জানিয়েছে, তাৎক্ষণিক বিপদের আশঙ্কা কেটে গেছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত বৃদ্ধির পটভূমিতে এ ঘটনা ঘটল।

এর আগে শনিবার ইয়েমেনের রাজধানী সানার পূর্বাঞ্চলীয় বানি হুশাইশ এলাকায় সৌদি জোটের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত ও ৩৯ জন আহত হন বলে জানায় হুতিদের পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু বলে দাবি করা হলেও রয়টার্স তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। সৌদি আরবের সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন জানিয়েছে, তারা এ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

বিজ্ঞাপন · inarticle_1

উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের উত্তেজনার প্রভাবে গত জুলাইয়ে সৌদি আরব ও হুতিদের মধ্যকার ২০২২ সালের জাতিসংঘের মধ্যস্থতাকৃত যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর থেকে হুতিরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, আর জবাবে সৌদি জোটও ইয়েমেনে পাল্টা বিমান হামলা অব্যাহত রেখেছে।