মার্কিন রক্ষণশীল সাংবাদিক টাকার কার্লসন দাবি করেছেন যে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের কিছু অংশ দখল করে নিয়েছে। তিনি বলেন, হুতিরা বর্তমানে সৌদি রাজতন্ত্রের জন্য একটি বাস্তব হুমকি এবং সৌদি মাটিতে তাদের সশস্ত্র উপস্থিতি রয়েছে। তবে এই সংবাদ আমেরিকান গণমাধ্যমে সঠিকভাবে প্রচার করা হচ্ছে না বলে তিনি হতাশা প্রকাশ করেন।

এই তথ্যের সুনির্দিষ্ট উৎস প্রকাশ না করলেও কার্লসন প্রায়শই আরব উপসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন। গত অক্টোবরে ভূমধ্যসাগরের একটি প্রমোদতরীতে উপসাগরীয় রাজপরিবারের সদস্যদের সঙ্গে তার বৈঠক হয় এবং সম্প্রতি আরব নেতাদের সঙ্গে তার কথা হয়েছে বলে তিনি দাবি করেন। এছাড়া তিনি মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা ব্যবস্থার সমালোচনা করলেও রাজনৈতিক মহলে তার যোগাযোগ বেশ সক্রিয়।

বিজ্ঞাপন · inarticle_1

ইয়েমেন ও সৌদি আরবের দুর্গম পাহাড়ি এবং মরুভূমি মিশ্রিত সীমান্তে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ থাকায় প্রকৃত পরিস্থিতি সহজে জানা যায় না। ১৯৩৪ সালের তাইফ চুক্তির মাধ্যমে আসির, জাজান ও নাজরান—এই তিনটি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সৌদি আরবকে ছেড়ে দিয়েছিল ইয়েমেন। বর্তমান সংঘাতে হুতিরা ওই অঞ্চলগুলোর ওপর নিজেদের ঐতিহাসিক দাবি জোরালোভাবে তুলে ধরেছে।

কার্লসনের মতে, ইরান ছাড়াও অন্য আঞ্চলিক শক্তিগুলো হুতিদের এই কার্যক্রমে সহায়তা করছে। হুতিদের পেছনে তেহরানের শক্তিশালী প্রভাব থাকলেও সংযুক্ত আরব আমিরাত সমর্থিত কিছু ইয়েমেনি গোষ্ঠীও গোপনে হুতিদের লক্ষ্য নির্ধারণে সহায়তা করছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে পূর্বে প্রকাশিত প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে।