বিভিন্ন অপরাধে ৬০টি মামলা দায়ের; ককটেল, গান পাউডার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ যানবাহন জব্দ

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত ও বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সর্বমোট ৬০টি মামলা রুজু করা হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজধানীর আটটি অপরাধ বিভাগসহ পুলিশের বিশেষায়িত ইউনিটগুলো এই অভিযানে অংশ নেয়। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি ১০৩ জন গ্রেপ্তার হয়েছে মিরপুর বিভাগে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯১ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, গুলশান বিভাগে ৬৬ জন এবং লালবাগ বিভাগে ৫৪ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি উত্তরা বিভাগে ৪৬ জন, রমনা ও মতিঝিল বিভাগে ৪৩ জন করে, গোয়েন্দা বিভাগে (ডিবি) ১০ জন এবং স্পেশাল রিজার্ভ ইউনিটের (এসআরইউ) অভিযানে ৭ জন গ্রেপ্তার হয়েছেন।

অভিযান চলাকালে নাশকতামূলক কর্মকাণ্ডের আলামত ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ৪টি অবিস্ফোরিত ককটেল, বিস্ফোরিত ককটেলের ১৩টি অংশবিশেষ এবং ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডার। মাদকবিরোধী অভিযানে ১১ হাজার ৬১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও এক পুরিয়া গাঁজা, ২ দশমিক ২ গ্রাম হেরোইন এবং ৪ বোতল দেশি মদ জব্দ করা হয়।

এ ছাড়া চুরি ও অন্যান্য অপরাধে ব্যবহৃত একটি ট্রাক, পাঁচটি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার এবং দুটি মোবাইল ফোনও জব্দ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ছাড়াও পরোয়ানাভুক্ত ও চিহ্নিত অপরাধী রয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিতে এই অভিযান অব্যাহত থাকবে।