পার্বত্য চট্টগ্রামের সাজেকে চলমান অস্থিরতার মধ্যে নতুন করে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান অনুষ্ঠানে যাতায়াতের সুবিধার্থে রবিবার (১ নভেম্বর) ১২ ঘণ্টার জন্য অবরোধ শিথিলের ঘোষণা দেয় ইউপিডিএফ-সমর্থিত 'সাজেক গণঅধিকার রক্ষা কমিটি'। তারা জানায়, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খাদ্যদ্রব্য পরিবহন ও ধর্মীয় কাজে যাতায়াতকারী যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হবে।

তবে একই দিন সশস্ত্র তৎপরতা ও পর্যটকদের জিম্মি করার প্রতিবাদে পাল্টা ১২ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে 'পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি'। সংগঠনের সদস্য সচিব বিন্দু লাল চাকমা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। তবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও গণমাধ্যমের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে।

বিজ্ঞাপন · inarticle_1

উল্লেখ্য, সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের সাজেক থেকে সরিয়ে নেওয়ার দাবিতে গত ২২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের অবরোধ চালিয়ে আসছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। এর ফলে সাজেকের স্বাভাবিক জীবনযাত্রা, পর্যটন ব্যবসা ও দূরপাল্লার সড়ক যোগাযোগ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাঙামাটি জেলা প্রশাসন ২২ অক্টোবর থেকেই সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রেখেছে।