রাজস্ব খাতভুক্ত ডাটা এন্ট্রি অপারেটর পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ; অনলাইনে আবেদন চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ পুলিশের নেত্রকোণা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে (আইটিসি) রাজস্ব খাতভুক্ত একটি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত ২২ নভেম্বর প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে একজন ‘ডাটা এন্ট্রি অপারেটর’ নিয়োগ দেওয়া হবে। জাতীয় বেতন স্কেলের ১৬তম গ্রেডভুক্ত এই পদে নির্বাচিত প্রার্থী ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা স্কেলে বেতন-ভাতা পাবেন। তবে এই নিয়োগ প্রক্রিয়ায় কেবল নেত্রকোণা জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন · inarticle_1

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার পরিচালনায় বাস্তব দক্ষতা থাকা বাধ্যতামূলক। প্রার্থীদের ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলশুটিংয়ে পারদর্শী হতে হবে। এ ছাড়া কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দের গতি থাকতে হবে এবং ‘সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯’-এর তফসিল-৩ অনুযায়ী গৃহীত ব্যবহারিক ও স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা ও শর্তাবলি অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে; বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিবাহিত নারী প্রার্থীদের আবেদনপত্রে অবশ্যই স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এবং সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে আবেদন করতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের পর্যায়ক্রমে লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা ও কম্পিউটার প্রশিক্ষণের মূল সনদ প্রদর্শন করতে হবে।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৫ নভেম্বর ২০২৬ সকাল ১০টায় এবং চলবে ১০ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। অনলাইনে ফরম পূরণ ও ছবি-স্বাক্ষর আপলোড শেষে প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। এক্ষেত্রে টেলিটকের সার্ভিস চার্জসহ সাধারণ প্রার্থীদের ১১২ টাকা এবং শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ৫৬ টাকা ফি পরিশোধ করতে হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর ভবিষ্যতের প্রয়োজনে অ্যাপ্লিকেন্ট কপিটি ডাউনলোড ও প্রিন্ট করে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।