বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর অনুষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে বড় জলবায়ু সম্মেলন, যা সংক্ষেপে কপ (COP) বা কনফারেন্স অব দ্য পার্টিজ নামে পরিচিত। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি)-এর সদস্য রাষ্ট্রগুলোর এই আন্তর্জাতিক আসরে বিশ্বের প্রায় সব দেশ একটি অভিন্ন আলোচনার টেবিলে বসার সুযোগ পায়। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের ৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হয়েছে কপ৩১ সম্মেলন।

সম্মেলনের মূল আলোচ্য ও সংকট

বিজ্ঞাপন · inarticle_1

পৃথিবীর বিভিন্ন অঞ্চল যখন ক্রমাগত জলবায়ু ঝুঁকির মুখে পড়ছে, তখন এই সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বহুমুখী প্রভাব ও উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে বৈশ্বিক তাপমাত্রা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, হিমবাহ গলে যাওয়া, এবং ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা। পাশাপাশি খাদ্য ও পানির নিরাপত্তাহীনতা দূর করা, কার্বন নিঃসরণ হ্রাস, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আলোচনায় প্রাধান্য পায়।

প্যারিস চুক্তির লক্ষ্য ও উষ্ণতা বৃদ্ধির শঙ্কা

২০১৫ সালের ঐতিহাসিক প্যারিস চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে রাখা এবং সম্ভব হলে তা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার অঙ্গীকার করা হয়েছিল। তবে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) 'এমিশনস গ্যাপ রিপোর্ট ২০২৫' অনুযায়ী, বর্তমান নীতিগুলো অব্যাহত থাকলে শতাব্দীর শেষ নাগাদ বৈশ্বিক উষ্ণতা প্রায় ২.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এমনকি দেশগুলোর বিদ্যমান জলবায়ু প্রতিশ্রুতিগুলো পুরোপুরি বাস্তবায়িত হলেও তাপমাত্রা ২.৩ থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়ে গেছে।

সম্মেলনের কার্যকারিতা নিয়ে মৌলিক প্রশ্ন

উষ্ণতা বৃদ্ধির এই উদ্বেগজনক পরিসংখ্যান একদিকে যেমন আন্তর্জাতিক জলবায়ু আলোচনার অপরিহার্যতা প্রমাণ করে, অন্যদিকে তেমনি এই সম্মেলনগুলোর বাস্তব কার্যকারিতা নিয়েও গুরুতর প্রশ্ন তোলে। ধরিত্রী রক্ষার নামে প্রতিবছর বড় পরিসরে আয়োজন হলেও বাস্তবে কাঙ্ক্ষিত পরিবর্তন কতটুকু অর্জিত হচ্ছে, সেটিই এখন বিশ্ববাসীর সামনে সবচেয়ে বড় জিজ্ঞাসা।

অন্যদিকে, বিশ্ব জলবায়ু সম্মেলনের মূল কেন্দ্র তুরস্কের আনতালিয়ায় নারী অধিকার নিশ্চিতের দাবিতে জানান বিভিন্ন দেশের তরুণী ও অধিকারকর্মীরা। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ঘোষিত ‘বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান’ অবিলম্বে বাস্তবায়ন এবং জলবায়ু অর্থায়ন ও নীতিনির্ধারণে নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণের দাবিতে এই কর্মসূচি পালিত হয়। তৃণমূল পর্যায়ের নারীদের জন্য সরাসরি জলবায়ু তহবিল বরাদ্দ এবং নারী পরিবেশকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।