দুর্নীতি দমন কমিশনের (দুদক) তথ্য অনুযায়ী, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চলমান মামলার অংশ হিসেবে বিভিন্ন ব্যাংকে থাকা ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে। পাশাপাশি তাদের মালিকানাধীন স্থাবর সম্পদও জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের এসব তথ্য জানান।

দুদক সচিব জানান, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা মোট ১৫৬টি ব্যাংক হিসাবের এই বিপুল পরিমাণ অর্থ অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া জব্দ করা স্থাবর সম্পদের মধ্যে রয়েছে পূর্বাচলে ৬০ কাঠা জমি, যার দলিলমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। এর বাইরে বারিধারায় একটি বিলাসবহুল বাড়ি, ৯টি ফ্ল্যাট এবং ২০৪ দশমিক ৪০ শতাংশ জমি জব্দ করা হয়েছে, যেগুলোর দলিলমূল্য ১৫ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৮২০ টাকা।

ব্রিফিংয়ে সাইদুর রহমান খান আরও জানান, বিদেশে অবস্থানরত আসামিদের আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস অ্যালার্ট জারি করা হয়েছে। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সজীব ওয়াজেদ জয়ের বিদেশের সম্পদ প্রসঙ্গে দুদক সচিব বলেন, তদন্ত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে তার যথেষ্ট পরিমাণ সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে। সেই তথ্যের সত্যতা যাচাই ও নথিপত্র সংগ্রহের জন্য যুক্তরাষ্ট্রে পারস্পরিক আইনি সহায়তা অনুরোধ (এমএলএআর) পাঠানো হয়েছে, যার জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দুদকের দেওয়া তথ্যমতে, শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত মোট ২৪টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১৭টি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং ৭টি মামলায় ইতিমধ্যে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এছাড়া পূর্বাচলে প্লট বরাদ্দ সংক্রান্ত ছয়টি মামলার রায় ঘোষণা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং মানবতাবিরোধী অপরাধ ও হত্যাসহ একাধিক অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও দেশের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1