দীর্ঘ পাঁচ বছর পর ঐতিহ্যবাহী এই ভেন্যুতে ঘরোয়া ফুটবলের প্রত্যাবর্তন; ফেডারেশন কাপে ফর্টিস এফসির ঐতিহাসিক অভিষেক ম্যাচে প্রতিপক্ষ পুরান ঢাকার রহমতগঞ্জ।

আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ত সূচি শেষে আবারও প্রাণ ফিরে পাচ্ছে দেশের ঘরোয়া ফুটবল অঙ্গন। ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপ এবং ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের রেশ কাটতে না কাটতেই মাঠে গড়াচ্ছে ফেডারেশন কাপের স্থগিত থাকা লড়াই। সাফ ও আসিয়ান কাপের ব্যর্থতা নিয়ে ফুটবলপ্রেমীদের ক্ষোভ এবং বাফুফের নীতিনির্ধারকদের উদাসীনতা নিয়ে সমালোচনা এখনো চলমান। তবে সব বিতর্ক ছাপিয়ে আজ বেলা আড়াইটায় ঢাকা স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মুখোমুখি হবে ফর্টিস এফসি। আন্তর্জাতিক বিরতির কারণে গত ১৩ অক্টোবর ফেডারেশন কাপ এবং ২৪ অক্টোবর লিগের খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল।

বিজ্ঞাপন · inarticle_1

এই ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকা স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ক্লাব ফুটবল। সর্বশেষ ২০২১ সালের ২০ সেপ্টেম্বর আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে এই মাঠে ক্লাব ফুটবলের লড়াই হয়েছিল। এরপর সংস্কার কাজের দীর্ঘসূত্রতা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে বছরের পর বছর স্টেডিয়ামটি বন্ধ ছিল। ক্রীড়া সাংবাদিকদের কঠোর অবস্থানের মুখে সংস্কার কাজ শেষ হলে ২০২৫ সালের ৪ জুন বাংলাদেশ ও ভুটানের মধ্যকার আন্তর্জাতিক ম্যাচ দিয়ে মাঠটি পুনরায় চালু হয়। তবে মাঠ প্রস্তুত থাকার পরও শুধুমাত্র আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অজুহাত দেখিয়ে বাফুফে এতদিন ঘরোয়া ক্লাবগুলোকে এই ভেন্যুতে খেলার সুযোগ থেকে বঞ্চিত করে রেখেছিল।

বিশ্বের বড় বড় ফুটবল খেলুড়ে দেশগুলোতে বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হওয়া স্টেডিয়ামগুলোতেও নিয়মিত ঘরোয়া লিগের খেলা চলে। অথচ বাফুফের নির্বাহী কমিটির কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই অজ্ঞাত কারণে ঢাকা স্টেডিয়ামের দরজা ক্লাবগুলোর জন্য বন্ধ রাখা হয়েছিল। অবশেষে তীব্র সমালোচনার মুখে ফেডারেশন কাপের ম্যাচ আয়োজনের মাধ্যমে সেই অচলাবস্থা কাটছে। ঐতিহাসিক এই দিনে প্রথমবারের মতো ঢাকা স্টেডিয়ামে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামছে ফর্টিস এফসি। ক্লাব গঠনের পর এই ভেন্যুতে এটিই তাদের প্রথম আনুষ্ঠানিক ঘরোয়া ম্যাচ, যা দলটির জন্য এক বিশেষ মাইলফলক হয়ে থাকবে।

ম্যাচটি নিয়ে দারুণ রোমাঞ্চিত ফর্টিস এফসির প্রধান কোচ মাসুদ পারভেজ কায়সার, যিনি এটিকে ক্লাবের ইতিহাসে নতুন এক অধ্যায় হিসেবে দেখছেন। এর আগে জাতীয় দলের বিপক্ষে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেললেও ক্লাব ফুটবলের মূল লড়াইয়ে আজই প্রথম এই মাঠে নামছে তার শিষ্যরা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে পূর্ণশক্তির দল পাচ্ছে না ফর্টিস। চোটের কারণে একাদশের বাইরে থাকছেন মুরশেদ আলী, জাপানি ফুটবলার নরিকি আকাদা, জাতীয় দলের উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম এবং জাপান বংশোদ্ভূত সুকি ইতোফুসা। সাফ চ্যাম্পিয়নশিপের ক্যাম্পে থাকাকালীন ইব্রাহিম ও সুকি ইতোফুসা ইনজুরিতে পড়েছিলেন। এদিকে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার ক্লাব থেকে খেলার প্রস্তাব পাওয়া সুকি ইতোফুসাকে তার ভবিষ্যতের কথা ভেবে ছেড়ে দিতেও প্রস্তুত রয়েছে ফর্টিস কর্তৃপক্ষ।