স্পেনীয় ফুটবলে নেমে এসেছে এক গভীর শোকের ছায়া। দ্বিতীয় বিভাগ লিগের এক ম্যাচে অ্যান্ডোরার বিপক্ষে মুখোমুখি হয়েছিল তেনেরিফ। ২–২ গোলে সমতায় থাকা ম্যাচের যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। প্রতিপক্ষের গোলকিপার জেসুস ওউনোর সঙ্গে সংঘর্ষে মারাত্মকভাবে মাথায় ও বুকে আঘাত পান তেনেরিফের ৩০ বছর বয়সী স্ট্রাইকার জেসুস দে মিগুয়েল। মাঠেই সংজ্ঞা হারিয়ে ফেলায় দ্রুত তাঁকে স্থানীয় নুয়েস্ত্রা সেনোরা দে ক্যানদেলারিয়া হাসপাতালে নেওয়া হয়।


প্রাথমিকভাবে চিকিৎসায় কিছুটা সাড়া দিলেও শেষ পর্যন্ত আর রক্ষা হয়নি এই ফুটবলারের। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিগুয়েল। তাঁর আকস্মিক প্রয়াণে পুরো স্প্যানিশ ফুটবল অঙ্গন ও ভক্ত-সমর্থকদের মধ্যে নেমে এসেছে শোকের মাতম। ক্লাবের পক্ষ থেকে মিগুয়েলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার বিনীত অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1