ভারত–পাকিস্তান লড়াই মানেই মাঠে ও গ্যালারিতে বাড়তি উত্তেজনা আর রোমাঞ্চ। ক্রিকেটের গণ্ডি পেরিয়ে এবার সেই উত্তাপ ছড়াচ্ছে ফুটবল মাঠেও। ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ রাত আটটায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। রাজনৈতিক বৈরিতা আর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার কারণে এই ম্যাচটি কেবল একটি শিরোপা জয়ের লড়াই নয়, বরং এটি মর্যাদা ও শ্রেষ্ঠত্বের প্রতীক।
টুর্নামেন্টের সফলতম দল নয়বারের চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে, প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ঐতিহাসিক কীর্তি গড়েছে পাকিস্তান। সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। তুলনামূলক তরুণ ও দ্বিতীয় সারির দল নিয়ে খেললেও ভারত নিজেদের ফেভারিট হিসেবেই মাঠে নামছে। তবে দুই দলের কোচই ফাইনাল নিয়ে নিজেদের কৌশল ও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
পাকিস্তানের মূল শক্তির জায়গা ইউরোপের বিভিন্ন লিগে খেলা তাদের প্রবাসী ফুটবলাররা। গোলপোস্টে ডেনমার্কের লিগের ইউসুফ বাট, রক্ষণে সুইডেনের শীর্ষ লিগের আবদুল্লাহ ইকবাল, মাঝমাঠে গ্রিসের ক্লাবের আদিল নবী এবং আক্রমণে ডেনমার্ক ও ইংল্যান্ডের ক্লাবে খেলা আবদুল সামাদ ও মিকেল আবদুল্লাহরা দলের প্রধান ভরসা। সেমিফাইনালেও এই সামাদের গোলেই জয় পেয়েছিল পাকিস্তান।
হেড-টু-হেড পরিসংখ্যানে ভারতের পাল্লা ভারী। এখন পর্যন্ত দুই দল ২৫ বার মুখোমুখি হয়েছে, যেখানে ভারতের ১৬ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় মাত্র দুটিতে (বাকি ৭ ড্র)। টুর্নামেন্ট থেকে বাংলাদেশ বিদায় নেওয়ায় স্থানীয় দর্শকদের আগ্রহ কিছুটা কমলেও, ভারত-পাকিস্তান ফাইনাল হওয়ায় ম্যাচের উত্তাপ ও রোমাঞ্চ একটুও কমেনি।



