রাজনৈতিক সংগ্রাম ও দীর্ঘ নির্বাসন পেরিয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর নিজের ৬২তম জন্মদিনে পা রাখলেন বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। ঢাকার শাহীন স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। স্নাতক পর্যায়ে পাঠ্যবইয়ের পাশাপাশি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল ও কার্ল মার্ক্সসহ বিশ্বখ্যাত দার্শনিকদের রাষ্ট্রচিন্তা অধ্যয়ন করেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনের উত্তাল সময়ে মায়ের রাজনৈতিক সংগ্রাম তাকে সক্রিয় রাজনীতিতে অনুপ্রাণিত করে। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয় এবং ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে দলীয় প্রচারণায় সমন্বয়কের ভূমিকা পালন করে তিনি নিজের সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন।
পরবর্তী রাজনৈতিক জীবনে এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চরম নির্যাতন ও একাধিক মামলার শিকার হয়ে তাকে দীর্ঘ নির্বাসিত জীবন কাটাতে হয়। নির্বাসনে থাকাকালীনই তিনি রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে ঐতিহাসিক ৩১ দফা সংস্কার পরিকল্পনা ঘোষণা করেন, যা ব্যাপক জনসমর্থন লাভ করে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত বছরের ২৫ ডিসেম্বর তিনি স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন। দলের নিরঙ্কুশ বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে তিনি পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর গত নয় মাসে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও সুশাসন প্রতিষ্ঠায় বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। ব্যাংকিং খাতে কঠোর নজরদারির ফলে খেলাপি ঋণের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে কমে ৩২ দশমিক ৭৮ শতাংশে নেমে এসেছে এবং পূর্ববর্তী সরকারের বিপুল ঋণের চাপ সামলেও পাঁচ মাসে প্রায় ২ দশমিক ০৪৭৬ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে। পাশাপাশি তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার মান গত সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণে নিম্ন আয়ের মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ ও ১২ লাখ প্রান্তিক কৃষকের ঋণ মওকুফ, ‘হেলথ কার্ড’ ও ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া স্নাতক পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল, অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা বাবদ ২ হাজার কোটি টাকা ছাড় এবং ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ভাতা চালু করা হয়েছে।
প্রশাসনিক মিতব্যয়িতা ও সাধারণ জীবনযাপনের মাধ্যমে তারেক রহমান ইতিমধ্যেই নেতৃত্বের এক ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছেন। চলাচলের সময় সীমিত গাড়িবহর ব্যবহার, জনদুর্ভোগ এড়াতে দীর্ঘ সময় সড়ক বন্ধ না রাখা এবং সরকারি ব্যয় সংকোচনের সিদ্ধান্ত সাধারণ মানুষের সঙ্গে সরকারের দূরত্ব কমিয়েছে। প্রথম সংসদ অধিবেশনেই ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির উদ্যোগ ও প্রাণবন্ত আলোচনার মাধ্যমে সংসদীয় গণতন্ত্র ও জবাবদিহিমূলক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষের নির্বিঘ্ন উৎসব উদযাপন নিশ্চিত করার পাশাপাশি তিনি এমন এক বহুত্ববাদী ‘রেইনবো নেশন’ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, যেখানে মেধা ও সমান সুযোগের ভিত্তিতে প্রতিটি নাগরিক মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন।



