কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশে ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত উসকে দিয়ে শান্তি ও স্থিতিশীলতা নস্যাতের চেষ্টা করছে বলে বিদেশি কূটনীতিকদের কাছে অভিযোগ করেছে সরকার। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক কূটনৈতিক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সরকারের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরেন।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক নিরাপত্তা চ্যালেঞ্জ সম্পর্কে আন্তর্জাতিক অংশীদারদের অবহিত করতে সকাল ৯টা থেকে প্রায় আধা ঘণ্টাব্যাপী এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জাপান ও ভারতসহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিক এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা মিলিয়ে ৫০টির বেশি মিশনের প্রতিনিধিরা অংশ নেন। ব্রিফিংয়ে কূটনৈতিক কোরের ডিন ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বক্তব্য রাখেন।
গণতান্ত্রিক উত্তরণ ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সহযোগিতা কামনা ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের এই পর্বে দেশের পাশে থাকতে এবং গঠনমূলকভাবে সম্পৃক্ত হতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণতান্ত্রিক উত্তরণ, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের কার্যক্রম এগিয়ে নিতে সরকার আন্তর্জাতিক বন্ধুদের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করে।
প্রতিমন্ত্রী অভিযোগ করেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সহিংসতা ও নাশকতায় জড়িত হচ্ছেন, যার মাধ্যমে দেশের অর্থনৈতিক সম্ভাবনাকেও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। এ ছাড়া তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষের পেছনেও দলটির নেতা-কর্মীদের পরিকল্পিত তৎপরতা রয়েছে বলে তিনি দাবি করেন।
পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিদেশে অবস্থান করে সন্ত্রাসবাদ ও অর্থ পাচারের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তাঁদের দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান হুমায়ুন কবির।
তিন সপ্তাহে ১৫৮টি সহিংসতার তথ্য উপস্থাপন ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন স্থগিত থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে মিছিল, অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশের ৪১টি স্থানে সংঘটিত ১৫৮টি সহিংসতার ঘটনার বিবরণ কূটনীতিকদের সামনে তুলে ধরেন:
থানায় হামলা ও অস্ত্র লুট: ১৭ নভেম্বর গোপালগঞ্জের একটি থানায় হামলা চালিয়ে পুলিশের গাড়ি ও ভবনে অগ্নিসংযোগ, অস্ত্র-গোলাবারুদ লুট এবং হেফাজতে থাকা আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া হয়, যাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন সদস্য গুরুতর আহত হন। এ ছাড়া ১৯ নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে আরেকটি থানায় হামলা চালিয়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয় এবং থানার ওসির বাসভবন ক্ষতিগ্রস্ত করা হয়।
স্থাপনা ও যানবাহনে নাশকতা: বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পেট্রলবোমা হামলা, লুটপাট, পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজার কাছে ককটেল বিস্ফোরণ ও মহাসড়ক অবরোধ, ঢাকায় বাসে অগ্নিসংযোগ এবং চট্টগ্রাম ও সিলেটে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।
রাজনৈতিক ও আর্থিক প্রতিষ্ঠানে হামলা: নির্বাচিত সংসদ সদস্যদের বাসভবন, বিএনপির কার্যালয় এবং নোয়াখালীসহ বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।
হুমায়ুন কবির জানান, এসব ঘটনা যাতে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দৃঢ়, পেশাদার ও আনুপাতিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার আইনের যথাযথ প্রক্রিয়া, মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি কূটনীতিকদের আশ্বস্ত করেন।



