নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি দ্বীপ ছেড়ে আসে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, এর আগে সকাল সাড়ে ১১টায় হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।
সফরকালে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়। অনুশীলনস্থলে প্রধানমন্ত্রী তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের পেশাদার কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন।
মহড়া শেষে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, আজকের এই মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।
উল্লেখ্য, নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশ সেনাবাহিনী সেখানে নিয়মিত প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। গত এক যুগেরও বেশি সময়ে সেখানে তিন বাহিনীর অংশগ্রহণে নানা যৌথ অনুশীলন অনুষ্ঠিত হলেও, স্পেশাল ফোর্সগুলোর সমন্বয়ে এমন বিশেষ মহড়া এটিই প্রথম।



