বার্লিনে গোলটেবিল বৈঠকে অর্থনৈতিক নিরাপত্তা, সরবরাহব্যবস্থার বহুমুখীকরণ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

জাতীয় স্বার্থ ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধি সুরক্ষিত রাখতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাস্তবমুখী এবং কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (২৭ নভেম্বর) জার্মানির বার্লিনে ‘পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় কৌশলগত অংশীদারত্ব’ শীর্ষক এক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান অস্থির ও পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৌশলগত সরবরাহব্যবস্থা বহুমুখীকরণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ঢাকা। একমুখী নির্ভরতা কাটিয়ে একটি নিরাপদ ও অভিন্ন ভবিষ্যৎ বিনির্মাণে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারত্ব এখন সময়ের দাবি বলেও তিনি মত প্রকাশ করেন।

বিজ্ঞাপন · inarticle_1

বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল দর্শন তুলে ধরে শামা ওবায়েদ ইসলাম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আন্তর্জাতিক রাজনীতিতে কৌশলগত ভারসাম্য বজায় রেখে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়ন করছে। এই নীতির মূল কেন্দ্রবিন্দু হলো দেশের সাধারণ মানুষের কল্যাণ ও জাতীয় স্বার্থের সুরক্ষা। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে সৃষ্ট নতুন অর্থনৈতিক ও কূটনৈতিক সুযোগগুলো কাজে লাগাতে বাংলাদেশ অত্যন্ত সতর্ক ও সক্রিয় রয়েছে বলে তিনি জানান। পাশাপাশি গণতন্ত্র, বহুপক্ষীয় সহযোগিতা, নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক আইনের প্রতি বাংলাদেশ সব সময় শ্রদ্ধাশীল ও প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলেও তিনি বিশ্ব সম্প্রদায়কে আশ্বস্ত করেন।

বক্তব্যে দীর্ঘদিনের অমীমাংসিত রোহিঙ্গা সংকটের বিষয়টিও জোরালোভাবে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে আশ্রিত ১২ লাখের বেশি রোহিঙ্গার এই বিশাল মানবিক সংকটের একটি স্থায়ী ও টেকসই সমাধান প্রয়োজন। এ লক্ষ্যে আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করা এবং রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে নিরবচ্ছিন্নভাবে সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছে।

বার্লিনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ গোলটেবিল আলোচনায় বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (আইএনজিও), নীতিনির্ধারক, কূটনীতিক ও বিশিষ্ট বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। অধিবেশনে বক্তারা বর্তমান বিশ্বের ক্রমবর্ধমান আর্থসামাজিক অস্থিরতা এবং জটিল ভূরাজনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বৈশ্বিক দক্ষিণ (গ্লোবাল সাউথ) ও বৈশ্বিক উত্তরের (গ্লোবাল নর্থ) দেশগুলোর মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার ধরন, বাণিজ্যিক সম্পর্ক এবং নতুন অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।