দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার জটিলতা কেটেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং জাপানি কনসোর্টিয়ামের মধ্যে টার্মিনালটি পরিচালনার বিষয়ে চুক্তি চূড়ান্ত হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চলতি বছরের ডিসেম্বরেই টার্মিনালটি চালুর রোডম্যাপ ঘোষণা করে, যার অংশ হিসেবে আগামী ১৬ ডিসেম্বর এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে।

চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা হিসেবে আগামী রোববার (২৯ নভেম্বর) বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সেখানে কনসেশন চুক্তির বিস্তারিত তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে। এর পরদিন সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর একটি হোটেলে বেবিচক এবং জাপানি প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। এর আগে গত ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা শেষে এ চুক্তির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন · inarticle_1

২০১৯ সালের ৩০ ডিসেম্বর শুরু হওয়া এই মেগা প্রকল্পের প্রাথমিক ব্যয় ১৩ হাজার ৬১০ কোটি টাকা ধরা হলেও পরবর্তীতে তা বেড়ে প্রায় ২২ হাজার কোটি টাকায় দাঁড়ায়। ২০২৩ সালের অক্টোবরে ৯৯ শতাংশের বেশি কাজ শেষে টার্মিনালটির সফট উদ্বোধন করা হয়েছিল। তবে জাপানি পক্ষের সঙ্গে পরিচালনা সংক্রান্ত আলোচনা চূড়ান্ত না হওয়ায় দুই বছরেরও বেশি সময় ধরে এটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি।

আয়তন ও সক্ষমতার দিক থেকে এই নতুন টার্মিনালটি দেশের বিমান পরিবহন খাতে আমূল পরিবর্তন আনবে। বর্তমানে প্রথম ও দ্বিতীয় টার্মিনালের মাধ্যমে বছরে প্রায় ৮০ লাখ যাত্রীকে সেবা দেওয়া গেলেও, পাঁচ লাখ ৪২ হাজার বর্গমিটারের নতুন এই টার্মিনাল যুক্ত হলে বছরে ২ কোটি পর্যন্ত যাত্রী পরিবহন সম্ভব হবে। দুই লাখ ৩০ হাজার বর্গমিটারের মূল ভবনটির অ্যাপ্রোনে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্কিং করার সুবিধা থাকছে।

সিঙ্গাপুরের চাঙ্গি ও ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের আদলে নির্মিত এই টার্মিনালে যাত্রীদের জন্য রাখা হয়েছে বিশ্বমানের সব আধুনিক প্রযুক্তি। দীর্ঘ পথ হাঁটার কষ্ট লাঘবে বসানো হয়েছে স্ট্রেইট এসকেলেটর। লাগেজ ব্যবস্থাপনার জন্য থাকছে রেগুলার, লস্ট অ্যান্ড ফাউন্ড এবং অতিরিক্ত ওজনের (ওড সাইজ) ব্যাগেজের তিনটি আলাদা স্টোরেজ এরিয়া। যাত্রীদের ব্যাগ সংগ্রহের জন্য ১৬টি রেগুলার বেল্টের পাশাপাশি অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকছে আরও ৪টি বিশেষ বেল্ট।

যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি ওয়াশরুমের সামনে তৈরি করা হয়েছে আধুনিক বেবি কেয়ার লাউঞ্জ, যেখানে ব্রেস্ট ফিডিং বুথ, ডায়াপার পরিবর্তনের স্থান এবং প্রশস্ত ফ্যামিলি বাথরুম রয়েছে। শিশুদের বিনোদনের জন্য রাখা হয়েছে স্লিপার ও দোলনাসমৃদ্ধ চিলড্রেন প্লে এরিয়া। পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবার জন্য হেলথ ইন্সপেকশন রুম, ফার্স্ট-এইড রুম, রোগ নির্ণয় কেন্দ্র এবং আইসোলেশন এরিয়াও প্রস্তুত করা হয়েছে।

দ্রুততম সময়ে ইমিগ্রেশন ও বোর্ডিং সম্পন্ন করতে টার্মিনালে ১০০টি চেক-ইন কাউন্টারের পাশাপাশি থাকছে ১০টি অত্যাধুনিক সেলফ চেক-ইন কিওস্ক। এসব মেশিনে পাসপোর্ট ও টিকিটের তথ্য দিলেই স্বয়ংক্রিয়ভাবে বোর্ডিং পাস বেরিয়ে আসবে এবং নির্ধারিত স্থানে লাগেজ রাখলে তা সরাসরি উড়োজাহাজে পৌঁছে যাবে; তবে এক্ষেত্রে ৩০ কেজির বেশি ওজনের ব্যাগেজ বহন করা যাবে না। এছাড়া অবসর সময় কাটানোর জন্য মুভি লাউঞ্জ ও এয়ারলাইন্স লাউঞ্জ নির্মাণের কাজও দ্রুত এগিয়ে চলছে।