দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা, গাজীপুর ও গোপালগঞ্জসহ মোট সাতটি জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তার জন্য আরও চার প্লাটুন সদস্যকে স্ট্যান্ডবাই বা প্রস্তুত রাখা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েনকৃত বাহিনীর মধ্যে সর্বোচ্চ ৫৬ প্লাটুন দায়িত্ব পালন করছে গোপালগঞ্জে। এ ছাড়া গাজীপুরে ১৯ প্লাটুন, ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৭ প্লাটুন, চট্টগ্রামে আট প্লাটুন, নারায়ণগঞ্জ ও কক্সবাজারে সাত প্লাটুন করে এবং ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।

বিজ্ঞাপন · inarticle_1

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মাঠে থাকা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় করে কাজ করছেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ড প্রতিরোধে তারা সক্রিয় ভূমিকা রাখছেন।

মাঠপর্যায়ের সার্বিক চিত্র সার্বক্ষণিক তদারকির জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের অংশ হিসেবে ড্রোন এবং বডি-ওর্ন ক্যামেরা থেকে প্রাপ্ত সরাসরি ভিডিও ফুটেজ নিয়মিত পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা হচ্ছে, যাতে মাঠের ইউনিটগুলোর মধ্যে দ্রুত সমন্বয় বজায় থাকে।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত সুরক্ষার মূল দায়িত্বের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেও তারা বদ্ধপরিকর। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান, নির্বিঘ্ন চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা সচল রাখতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।