শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মানোন্নয়নের পাশাপাশি ক্যাডার ও নন-ক্যাডার শিক্ষকদের বৈষম্য নিরসনে কাজ করছে সরকার।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষাপদ্ধতি ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রক্রিয়াকে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মানদণ্ডে উন্নীত করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত ২১২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের এই ভাবনার কথা তুলে ধরেন।
শিক্ষা খাতের বিদ্যমান সমস্যা ও শিক্ষকদের মর্যাদা প্রসঙ্গে মন্ত্রী জানান, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার এবং নন-ক্যাডার শিক্ষকদের মধ্যকার দীর্ঘদিনের বৈষম্য দূর করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ ছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষকদের আত্তীকরণ-সংক্রান্ত প্রশাসনিক জটিলতাগুলো নিরসনেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। শিক্ষকদের পেশাগত দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, অন্য কোনো পেশার সঙ্গে নিজেদের তুলনা না করে একজন শিক্ষকের উচিত পাঠদানের মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে কী অবদান রাখছেন, তা মূল্যায়ন করা। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলিসম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই একজন শিক্ষকের জীবনের সবচেয়ে বড় সাফল্য।
শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিয়ে আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমান যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থাকে কেবল প্রথাগত গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রশিক্ষণ কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সৃজনশীলতা, নতুনত্ব এবং বিষয়ভিত্তিক গভীর দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের বাস্তব চাহিদা ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ মডিউলগুলো যুগোপযোগী করার নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে নায়েমের মহাপরিচালক ও পরিচালক আতিকুল ইসলাম পাঠান, পরিচালক অধ্যাপক মো. শাহজাহানসহ শিক্ষা মন্ত্রণালয় ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীন শিক্ষকরাও উদ্বোধনী পর্বে অংশ নেন।



