বদলির ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনরত এমপিওভুক্ত নারী শিক্ষকদের
বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত বদলির আদেশ জারির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে বসেছেন নারী শিক্ষকরা। আন্দোলনের প্রেক্ষিতে অনশনরত শিক্ষকদের চার সদস্যের একটি প্রতিনিধিদলকে আলোচনার জন্য ডেকে পাঠায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে কর্তৃপক্ষের আশ্বাসে সন্তুষ্ট না হওয়ায় কোনো চূড়ান্ত সমাধান ছাড়াই সেই বৈঠক শেষ হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে চার সদস্যের একটি প্রতিনিধিদলকে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান শিক্ষকদের দাবিদাওয়া ও বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে বিস্তারিত কথা বলেন।
বৈঠকে অংশ নেওয়া সহকারী শিক্ষক সেলিনা আলোচনার বিষয়বস্তু তুলে ধরে জানান, মাউশি পরিচালক তাদের জানিয়েছেন যে কর্তৃপক্ষ বদলির বিষয়টি নিয়ে অত্যন্ত আন্তরিক। তবে কারিগরি ও প্রশাসনিক কিছু জটিলতার কারণে এই মুহূর্তে বদলির চূড়ান্ত ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এ জন্য তিনি আন্দোলনরত শিক্ষকদের আরও কিছুদিন ধৈর্য ধারণ করার আহ্বান জানান।
কর্তৃপক্ষের এমন আহ্বানের জবাবে প্রতিনিধিদলের সদস্যরা তাদের তীব্র পারিবারিক ও মানসিক সংকটের কথা তুলে ধরেন। তারা জানান, দীর্ঘদিন নিজ এলাকা থেকে দূরে কর্মরত থাকায় তাদের সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে এবং ছোট সন্তানদের ছেড়ে মানবেতরভাবে চাকরি করতে হচ্ছে। যেহেতু বদলির আবেদন ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে, তাই দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশের জোর দাবি জানান তারা।
বৈঠক শেষে শিক্ষকরা স্পষ্ট জানিয়ে দেন, কর্তৃপক্ষ যেহেতু তাদের ধৈর্য ধরতে বলেছে, তাই তারা এই ধৈর্য জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশনরত অবস্থাতেই ধরবেন। এর আগে বুধবার সকাল ১০টা থেকে বদলির আদেশ জারির এক দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেন এমপিওভুক্ত নারী শিক্ষকরা। বদলির চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।



