শিক্ষাকে কেবল চাকরির প্রস্তুতির গণ্ডিতে আবদ্ধ না রেখে মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সারাদেশের ২ হাজার ৩০০টিরও বেশি অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের উপস্থিতিতে আয়োজিত এই সম্মেলনে প্রধানমন্ত্রী সাহিত্য, দর্শন, বিজ্ঞান ও সংস্কৃতিচর্চার পাশাপাশি উচ্চশিক্ষাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সম্মেলনে কলেজ অধ্যক্ষদের প্রতিষ্ঠানের কেবল প্রশাসনিক প্রধান নয়, বরং নৈতিক দিকদর্শক ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ার স্থপতি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী। ১৯৯২ সালের ২১ অক্টোবর মরহুমা বেগম খালেদা জিয়া শহর ও গ্রামের সবার জন্য উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করতে যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, বর্তমানে তার অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। বিগত ১৬ বছরে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার গুণগত মান নিয়ে প্রশ্ন রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর ডাক দেন। তিনি সনাতন পদ্ধতির বদলে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণামুখী পাঠদান চালুর পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে ‘ট্রেন দ্য ট্রেইনার’ কর্মসূচি বাস্তবায়নের ওপর জোর দেন।
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি সতর্ক করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা, আইওটি, ব্লকচেইন, সাইবার নিরাপত্তা ও ফাইভজির মতো আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে না পারলে কেবল সার্টিফিকেটধারী শিক্ষিতের সংখ্যাই বাড়বে, বেকারত্ব কমবে না। অর্জিত জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তর করতে তিনি ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন’ বা শিল্প-শিক্ষা খাতের সমন্বয় অপরিহার্য বলে উল্লেখ করেন। এ লক্ষ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের দক্ষ কর্মকর্তাদের কলেজে অতিথি শিক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো এবং শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি, যাতে শিক্ষার্থীরা পড়াশোনা শেষে চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন।
আন্তর্জাতিক কর্মবাজারে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় এগিয়ে রাখতে কলেজগুলোতে আরবি, ম্যান্ডারিন, জাপানিজ, কোরিয়ান, ফ্রেঞ্চ, জার্মান ও ইতালিয়ানের মতো চাহিদাসম্পন্ন বিদেশি ভাষা শেখানোর সুযোগ তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া কলেজগুলোতে ক্যারিয়ার কাউন্সেলিং ও ভাষা ক্লাব প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষক সংকট নিরসনে শূন্য পদ পূরণ ও নিয়োগের জন্য শিক্ষা মন্ত্রণালয়, মাউশি, এনটিআরসিএ ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সমন্বিত পদক্ষেপ নিতে বলেন। পরিশেষে, উপযুক্ত কলেজগুলোর ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন এবং আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।



