জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ের ১৩টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১১টি নতুন এবং ২টি সংশোধিত প্রকল্প। অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ৫০ হাজার ৪১ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে ৭ হাজার ৯৭৪ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৭৩ কোটি টাকা ব্যয় করা হবে। সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুমোদিত ১৩টি প্রকল্পের মধ্যে সর্বোচ্চ ৫টি প্রকল্প পেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এর মধ্যে বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন, বরিশাল সিটি করপোরেশনের খাল পুনরুদ্ধার ও পুনঃখনন, ইনোভেশন ফর ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট এবং পল্লী ও সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প উল্লেখযোগ্য।

বিজ্ঞাপন · inarticle_1

প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ঢাকা সেনানিবাসে অফিসার্স বাসস্থান নির্মাণ, সরকারি কর্মচারীদের জন্য জিগাতলায় বহুতল ভবন এবং পুলিশের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত ও অপারেশনাল যানবাহন ক্রয়ের অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া দেশের ৫টি মেডিকেল কলেজে 'ইনমাস' স্থাপন এবং তিতাস গ্যাস ফিল্ডে ২টি উন্নয়ন কূপ খনন প্রকল্পও অনুমোদিত হয়েছে।

শিক্ষাক্ষেত্রে 'পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি ৫)' এবং দুর্যোগ ব্যবস্থাপনা খাতের অধীনে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়েছে।

সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ৫টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। এর মধ্যে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের আধুনিকায়ন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিতকরণ, ঢাকা উত্তরে ট্রাফিক অবকাঠামো উন্নয়ন, ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ এবং গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনা সরঞ্জাম সংগ্রহ প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।