বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ভারতের উড়িষ্যার গোপালপুর উপকূলে আঘাত হানতে যাচ্ছে। কিছুটা শক্তি হারিয়ে বর্তমানে এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে এরই মধ্যে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ শুরু হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের আবহাওয়াতেও পরিবর্তন এসেছে। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
ঝড়ো হাওয়ার আশঙ্কায় থাকা জেলাগুলো হলো—ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া আবহাওয়া অফিসের অপর এক পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বিশেষ করে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, সারা দেশে ঝড়বৃষ্টির এই প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।



