ভারত যদি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দেয়, তবে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হওয়ার কথা বিবেচনা করবে ঢাকা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই অবস্থানের কথা জানান বলে বিবিসি উর্দুর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ছয় দিনের সফরে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন তিনি।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ স্পষ্টভাবে জানিয়েছেন, ভারত যদি প্রত্যর্পণের অনুরোধে সাড়া না দেয়, তবে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হবে। তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। সম্প্রতি আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছাপ্রকাশের বিষয়টি সামনে এলেও বর্তমান বিএনপি সরকার তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল যথাযথ আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণের মাধ্যমেই তার ফেরা গ্রহণযোগ্য হতে পারে। বিবিসি উর্দুর প্রতিবেদন অনুযায়ী, স্পিকার মনে করেন যে শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণা মূলত তার দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা রাখার একটি কৌশলমাত্র এবং বাস্তবে তিনি দেশে ফিরবেন না।
অন্যদিকে, একই দিনে ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। তিনি শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করে মন্তব্য করেন যে, এমন একজন ব্যক্তিকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দেওয়ার জটিলতা ও চ্যালেঞ্জ ভারতও এখন উপলব্ধি করতে পারছে। তার মতে, শেখ হাসিনার সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ড ভারতের জন্যও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থান করছেন।



